
শেষ আপডেট: 19 February 2024 17:09
দ্য ওয়াল ব্যুরো: আকাশ আটের ধারাবাহিক ‘সাহিত্যের সেরা সময়’ সিরিজে এবার দেখানো হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কাহিনী “অনুরাধা।
এই গল্পটি বাংলা সাহিত্যের পাঠকদের কাছে পরিচিত। ‘অনুরাধা’ এক জমিদার বাড়ির অবিবাহিতা বয়স্কা কন্যার কাহিনী। বাবার মৃত্যু, দাদার বিশ্বাসঘাতকতা, সমাজের কটূক্তি টলাতে পারেনি তাঁর আত্মসম্মানকে। আপোস করেনি। বরং সরাসরি কঠিন বাস্তবের মুখোমুখি হয়েছে।
একদিন অনুরাধাদের জমিদারি হস্তান্তরের পরে তাকে বাড়ি থেকে উৎখাত করতে আসে নব্য জমিদারের ছেলে বিজয়। কিন্তু বিজয়ের ছেলের মা হয়ে উঠতে শুরু করে অনুরাধা। ছেলেটির যে মা নেই, তাই অনুরাধার মনে যেন মাতৃত্ব জেগে ওঠে। তবে বাবা ছেলের মধ্যে বিস্তর ফারাক। কোনও এক কারণে দুজন দুজনের সঙ্গে ভালো করে কথা বলে না। এই দূরত্ব মেটায় অনুরাধা। আর সেই হয়ে ওঠে ওদের সম্পর্কের মধ্যেকার সেতু।
কিন্তু বিজয় যে আগে থেকেই দ্বিতীয় স্ত্রী হিসাবে ভেবে রেখেছে শহুরে শিক্ষিতা মেয়ে অনীতাকে। এবার কোন খাতে বইবে অনুরাধার জীবন!
এটি পরিচালনা করছেন সুমন রায়। চিত্রনাট্য ও সংলাপ লিখছেন মৌমিতা করগুপ্ত। অভিনয় করছেন ফাল্গুনী চ্যাটার্জী, পৃথা চন্দ, আদিত্য বক্সি, জিনা তরফদার, সোহিনী দেবনাথ, সাফল্য দেবনাথ, প্লাবন বসু, তনুশ্রী ভট্টাচার্য, সায়ন্তন হালদার।
সোম থেকে শনি রোজ সন্ধে সাড়ে সাতটায় আকাশ আটে দেখতে পাবেন ‘সাহিত্যের সেরা সময়’ সিরিজে ‘অনুরাধা’