.webp)
নিজস্ব চিত্র
শেষ আপডেট: 7 November 2024 14:23
দ্য ওয়াল ব্যুরো: আজমেরী হক বাঁধন। দীর্ঘদিন একা থাকার পর খুঁজছেন জীবনসঙ্গী। হ্যাঁ ঠিকই শুনেছেন। বাঁধন জীবনের বাঁধনে ধরা দিতে চাইছেন ফের। হঠাৎ এমন সিদ্ধান্ত কেন, যিনি বিয়ের নাম শুনলেই বিরক্ত হতেন, তিনি সঙ্গী খুঁজছেন! খোলসা করে বললেন পুরোটাই। করলেন খোলামেলা আলোচনা।
মেয়েকে একা হাতেই বড় করেছেন অভিনেত্রী। ছোট থেকে মেয়ের জন্যই নিজের জীবন সম্পর্কে ভাবেননি তেমন। সেই মহিলাই আজ পাল্টেছেন নিজের মানসিকতা। কীভাবে হল এই পরিবর্তন? উত্তরে সমস্ত কৃতিত্বটাই তিনি দিচ্ছেন মেয়েকে।
মেয়ে বড় হয়েছে, বোঝে মায়ের কাজের সাহায্য করার জন্য, কাজ ভাগাভাগি করার জন্য কাউকে দরকার। যেদিন থেকে মেয়ে এই বিষয়টি বুঝতে শুরু করেছে সেদিন থেকে এই নিয়ে ভাবছেন অভিনেত্রীও।
তিনি বলেন, 'আগে ভাই-বোন বা কেউ ফোন করলেও মেয়ে সায়রা তা পছন্দ করতেন না। কিন্তু সে এখন বড় হচ্ছে, আশপাশের পরিস্থিতি বুঝতে শিখছে। ফলে সে বোঝে, মা সবটা একা হাতে করে, যেটা খুবই চাপের। মায়ের সঙ্গে কেউ থাকলে হয়তো বিষয়টা অনেক সহজ হতে পারে। ও নিজেই এই দরকারটা বোঝে আজ।'
অভিনেত্রী আরও বলেন, 'এত বছর আমি এই নিয়ে চিন্তাই করিনি। কিন্তু এখন মনে হয়, কেউ পাশে থাকলে অসুবিধা তো নেই।'
বাঁধন সঙ্গী খুঁজছেন, কেমন জীবনসঙ্গী চাই তাঁর? উত্তরে তিনি বলেন, 'আমায় আমার মতো যে গ্রহণ করবে, তেমনই কাউরকে পছন্দ। আর এই জিনিসটা খুবই জরুরি। আজকালের সমাজে এটা খুবই দুর্লভ। এরকম কাউকে সেভাবে খুঁজে পাইনি এখনও।'
এক-দেড় বছর ধরে সঙ্গী খুঁজছেন, এখনও পাননি? অভিনেত্রীর স্পষ্ট উত্তর, 'এরকম মানুষ আশপাশে প্রচুর রয়েছে এমন নয়। এখনও পাইনি।'
কাজ নিয়ে জানান, খুব শীঘ্রই 'এশা মার্ডার' নামের একটি ছবির শ্যুটিং শুরু হবে। আগামী বছরও কিছু কাজের কথাবার্তা চলছে তাঁর।