
শেষ আপডেট: 24 April 2024 19:47
দ্য ওয়াল ব্যুরো: বুধবার ৮১ বছরে পা দিয়েছেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। প্রবাদপ্রতিম অভিনেতার বাসভবন জলসায় বিগ বি-র জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চন, নাতনি আরাধ্যা, নভ্যা, অগ্যস্ত, জয়া বচ্চন। বৃহস্পতিবার সেই অনুষ্ঠানেরই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বচ্চন-বৌমা। সেই ছবিতে রয়েছেন শুধুই অমিতাভ এবং নাতনি আরাধ্যা। কিন্তু সেই ছবির জন্যই সোশ্যাল মিডিয়ায় নির্মমভাবে ট্রোলড হতে হল ঐশ্বর্যকে।
View this post on Instagram
কিন্তু শ্বশুরমশাইকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে কী এমন দোষ করে ফেলেছিলেন রাই-সুন্দরী? আসলে ঐশ্বর্য যে ছবিটি পোস্ট করেছিলেন সেটি একটি অন্য ছবির কেটে নেওয়া অংশ। মূল ছবিটিতে বিগ বি-র সঙ্গে আরাধ্যার পাশাপাশি ছিলেন আরও দুই নাতি নাতনি নভ্যা নভেলি নন্দা এবং অভ্যস্ত নন্দা। ছিলেন অমিতাভ-পত্নী জয়াও। সেই ছবিটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছিলেন নভ্যা। সঙ্গে লিখেছিলেন, 'শুভ জন্মদিন দাদু।'
শুধু নভ্যাই নন, অমিতাভের মেয়ে, অর্থাৎ নভ্যার মা শ্বেতাও একই ছবি পোস্ট করেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। ক্যাপশনে লেখেন, 'এভাবেই সবসময় ভালবাসা ঘিরে থাকুক তোমাকে।'
View this post on Instagram
নেটিজেনদের বুঝতে বেশিক্ষণ লাগেনি, ঐশ্বর্য যে ছবিটি পোস্ট করেছেন সেটি নভ্যা এবং শ্বেতার শেয়ার করা ছবিটিরই একটি ক্রপড অংশ। পরিবারের বাকিদের বাদ দিয়ে শুধু নিজের মেয়ের সঙ্গে বার্থডে বয়ের সেই ছবি পোস্ট করার জন্য ইন্টারনেটবাসীরা একহাত নিয়েছেন ঐশ্বর্যকে।
একজন লিখেছেন, 'এটা অত্যন্ত নিম্ন রুচির পরিচয়।'
'যে ছবি ইতিমধ্যেই নেট মাধ্যমে ছড়িয়ে পড়েছে তেমন একটা ছবি থেকে কেন আপনাকে বাকিদের বাদ দিতে হল? আপনি যদি শুধুই আরাধ্যা এবং বিগ বি-র ছবি শেয়ার করতে চান তাহলে অন্য ফটো ব্যবহার করতে পারতেন,' লিখেছেন অন্য একজন।
যদিও নেটিজেনদের এসব প্রশ্নের কোনও জবাব দেননি অভিষেক-ঘরণী।