
‘রেনকোট’-এ অজয়-ঐশ্বর্য
শেষ আপডেট: 2 April 2025 20:34
দ্য ওয়াল ব্যুরো: প্রথম যে বাংলার পরিচালকের সঙ্গে কাজ করেন অজয় দেবগন, তিনি আর কেউ নন, ঋতুপর্ণ ঘোষ! ঋতুপর্ণর প্রথম হিন্দি ছবি ‘রেনকোট’-এ নায়ক হয়েছিলেন অজয়। ‘রেনকোট’ ছবির চিত্রনাট্য সম্পূর্ণ বাংলায ভাষায় লিখেছিলেন ঋতুপর্ণ। হিন্দি ভাষায় গোটা চিত্রনাট্যটি লিখতে ঋতুপর্ণ সাহায্য নেন নাট্যকার ঊষা গাঙ্গুলির। ও হেনরির লেখা ‘দ্য গিফট অব দ্য ম্যাজাই’ অবলম্বনে ‘রেনকোট’ ছবি তৈরি করেন ঋতুপর্ণ ঘোষ।
শাহরুখ, আমির, সলমন, তিন খানদের সৌন্দর্য্যের তুলনায় অজয় দেবগন ছিলেন একেবারে একঘরে। অজয় দেবগনও যে ‘হ্যান্ডসাম’ নায়ক হতে পারেন তাও আবার অন্য ধারার ছবিতে, তা প্রথম করে দেখালেন ঋতুপর্ণ ঘোষ। অজয়জায়া কাজল-এর সঙ্গে ঋতুপর্ণর সম্পর্কের সহজ সমীকরণ ছিল না। কিন্তু তবু অজয়কেই নিজের ছবির ‘হিরো‘ বানান ঋতুপর্ণ। মেনস্ট্রিম ছবির হিরো অজয় দেবগনের কেরিয়ারে বাঁকবদল ছবি ছিল এটি।
কলকাতায় এসে শ্যুটিং করেছিলেন অজয় দেবগন ও ঐশ্বর্য রাই। তবে যে কথা অনেকেই জানে না, ঐশ্বর্য কিন্তু পরিচালকের প্রথম পছন্দ ছিলেন না। ঋতুপর্ণর নায়িকা চরিত্রে প্রথম কাস্ট করা হয় রনধীর-ববিতার কন্যা করিনা কাপুরকে। সে সময় ঐশ্বর্য ‘ব্রাইড অ্যান্ড প্রেজুডিস’ ছবির শ্যুটিং এ ছিলেন ব্যস্ত। ঋতুপর্ণ ভেবেছিলেন ঐশ্বর্য রাই-এর মতো ব্যস্ত অভিনেত্রী কলকাতায় এসে কি কাজ করার সময় পাবেন? এই জিজ্ঞসা ছিল পরিচালকের মনে, এবং সে কারণেই করিনাকেই ছবিতে অভিনয়ের প্রস্তাব!
কিন্তু করিনাও ছিলেন ততোধিক ব্যস্ত অন্য বলিউড ছবির কারণে। ফিরিয়ে দেন ঋতুপর্ণর অফার!
শেষমেশ, ‘রেনকোট’-এর নীরু হলেন ঐশ্বর্যই! রূপোলি পর্দায় যৌথ সঙ্গত দিলেন অজয়কে। জুটির রোমান্টিক আবেদন ঋতুপর্ণর ক্যামেরার লেন্সে আরও নিবিড় হয়ে উঠল। বিশেষত ছবির গান, যা সঙ্গীতের ইতিহাসে সম্পদ হয়ে থেকে গেল। গুলজার ও ঋতুপর্ণ ঘোষের গীতরচনায়, সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্রের অসাধারণ সৃষ্টি, যা আজও চিরকালীন।
ছবিতে অভিনয় করেছিলেন সুরেখা সিক্রি, মৌলি গঙ্গোপাধ্যায়, অন্নু কাপুর প্রমুখ। বক্সঅফিস সাফল্যর মুখ না দেখলেও ‘রেনকোট’ ফিল্ম সমালোচকদের কাছে পেয়েছিল ভূয়সী প্রশংসা। কিন্তু সব ছবি যে সবার জন্য নয়। আজ অজয় দেবগণের জন্মদিন। এমন দিনে ‘বাঙালি’ অজয়ের এক ঝলক পেতে, ফিরে যেতে হবে ঋতুপর্ণর ‘রেনকোট'-এর কাছেই।