
শেষ আপডেট: 4 December 2022 10:44
দ্য ওয়াল ব্যুরো: ঐন্দ্রিলা (Aindrila Sharma) চলে গিয়েছেন দু'সপ্তাহ হয়ে গেল। কিন্তু অনুরাগীদের মনে তিনি এখনও একইভাবে রয়ে গিয়েছেন। এত কম বয়সে তাঁর মৃত্যু (died) মানতে পারেননি কেউই। আর অভিনেত্রীর পরিবার একেবারেই ভেঙে পড়েছে। ঐন্দ্রিলার বাবা শক্ত থাকার চেষ্টা করছেন, কিন্তু মা-দিদি এখনও ঐন্দ্রিলাকে হারানোর শোক কাটিয়ে উঠতে পারেননি। এরমধ্যেই ঐন্দ্রিলার মৃত্যু নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন তাঁর মা শিখা শর্মা (Shikha Sharma)। বললেন, 'ডাক্তারের গাফিলতিতেই বাঁচল না ঐন্দ্রিলা'।
ঠিক কী অভিযোগ তাঁর?
ঐন্দ্রিলার মৃত্যু এখনও মেনে নিতে পারছেন না তাঁর মা শিখা শর্মা। মা হিসাবে মানতে পারার কথাও না। কিন্তু শনিবার হঠাৎই ঐন্দ্রিলার মা শিখা শর্মা দাবি করেন যে, হাওড়ার সেই বেসরকারি হাসপাতালের এক ডাক্তারের জন্যই ঐন্দ্রিলা বাঁচতে পারলেন না। অকালে চলে যেতে হল তাঁকে।
জাতীয় বীমা কর্মচারীদের তরফ থেকে শনিবার ঐন্দ্রিলা শর্মার স্মরণে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন ঐন্দ্রিলার মা শিখা শর্মা। সেখানেই প্রথমবার ঐন্দ্রিলার মৃত্যু নিয়ে অভিযোগ জানালেন শিখাদেবী। তিনি বলেন, 'হাওড়ার ওই বেসরকারি হাসপাতালে ঐন্দ্রিলার চিকিৎসা ভালই হচ্ছিল। যে চিকিৎসক অপারেশন করেছিলেন তিনিও খুব ভাল ছিলেন। কিন্তু এক-দু'জন চিকিৎসকের ইগোর জন্য ঐন্দ্রিলাকে চলে যেতে হল।'
খানিক থেমে তিনি নিজের অভিযোগটা আরও পরিষ্কার করে বলেছেন যে, 'অনেক সময় নিয়ে ঐন্দ্রিলার এমআরআই করা হয়েছিল সেই হাসপাতালে। পরে জানা যায় যে, সেই পরীক্ষার রিপোর্ট বেশ ভালই এসেছিল। কিন্তু যতটা সময় নিয়ে এমআরআই হল, সেটা ঐন্দ্রিলার শারীরিক অবস্থার জন্য একেবারেই ভালো ছিল না। ওই এক-দু'জন চিকিৎসকের গাফিলতি ও ইগোর জন্যই ঐন্দ্রিলা বাঁচতে পারল না। তবে হাসপাতালটা খুবই ভাল। সবাই অনেক সাহায্য করেছে।'
‘আমার সব্য’… ঐন্দ্রিলার মৃত্যুর সপ্তাহ পার, সব্যসাচীর কথা লিখলেন মা শিখা শর্মা