
মা জানেন অহনা বিয়ে করেছেন দীপঙ্করকে?
শেষ আপডেট: 1 January 2025 17:40
দীপঙ্কর রায় তাঁর 'লিভ ইন' পার্টনার নন, এক বছর আগেই বিয়ে করেছেন তাঁরা। বছরের প্রথম দিন সামাজিক মাধ্যমে ঘোষণা করে দিলেন ছোটপর্দার 'মিশকা' অহনা দত্ত। জানিয়ে দিলেন ২০২৩ সালের ১৩ ডিসেম্বর নিজেদের ছোট্ট ফ্ল্যাটেই আইনি বিয়ে সেরে ফেলেন তাঁরা। একই সঙ্গে এও জানালেন যেহেতু মায়ের সঙ্গে যোগাযোগ নেই তাই মায়ের কাছে এই খবর পৌঁছেছে সে সম্পর্কে তাঁর কোনও ধারণা নেই।
ছোটপর্দায় অভিনয়ের সুবাদেই দীপঙ্করের সঙ্গে আলাপ অহনার। ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'তে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। ওই ধারাবাহিকেরই রূপটান শিল্পী হলেন দীপঙ্কর। দীপঙ্করের সঙ্গে তাঁর প্রেম যখন সামনে আসে তখন তা মেনে নেননি অহনার মা। বারংবার অনুরোধ সত্ত্বেও নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেননি তিনি।
সংবাদমাধ্যমের সামনে দীপঙ্করকে কাঠগড়ায় দাঁড় করিয়ে না মানার কারণ জানিয়েছিলেন অহনার মা। দীপঙ্কর অহনার থেকে বয়সে অনেকটাই বড়, তিনি বিবাহবিচ্ছিন্ন। অন্যদিকে অহনার বয়স মাত্র ২১ বছর। এত কম বয়সে মেয়ের বিয়ে দিতে চাননি তিনি। তবে দীপঙ্করকে ছাড়তে নারাজ ছিলেন অহনা।
নিজের পরিবার ছেড়ে তিনি থাকতে শুরু করেন দক্ষিণ কলকাতার এক ছোট্ট ফ্ল্যাটে। সেখানেই দীপঙ্করের পরিবারের উপস্থিতিতে বছর খানেক আগেই সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নিয়ে যান অহনা ও দীপঙ্কর। বিয়ের মেন্যু ছিল বিরিয়ানি। আয়োজন সামান্য হলেও আনন্দ ছিল অনেক গুণ বেশি।
'দ্য ওয়াল'কে তিনি বলেন, "সে সময় দীপঙ্কের মা বেঁচে ছিলেন। সেইদিন সব থেকে বেশি কেঁদেছিলেন উনি। দুপুরে সবাই মিলে বিরিয়ানু খেয়েছিলাম।" মা খবরটা পেয়েছিলেন? প্রশ্ন করতেই খানিক চুপ করে রইলেন। তারপর বললেন, "যোগাযোগ নেই, জানি না মা জানেন কিনা। হয়তো জানেন। দিদাকে জানিয়েছিলাম বিয়ে করছি। "
এই এক বছরে ভালবাসা বেড়েছে অনেকটা, বেড়েছে খুনসুটি, জানালেন অহনা। সামাজিক বিয়ের প্ল্যানিং কবে? প্রশ্ন শুনেই অহনার সটান জবাব, 'আবার সামাজিক বিয়ের কী দরকার? অনেক খরচ। এখনও কত কাজ বাকি। সংসারটা সাজাতে হবে, ভালভাবে বাঁচতে হবে। অনেক রোজগার করতে হবে। মোদ্দা কথা দু'জনকে ভাল থাকতে হবে। ব্যস, এতেই আমরা খুশি।"