
শেষ আপডেট: 9 December 2023 14:45
দ্য ওয়াল ব্যুরো: রণবীর কাপুরের 'অ্যানিমাল' ভারতীয় বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে। গত ৮ দিনে এদেশের বক্স অফিস থেকে ৪০০ কোটি টাকা উপার্জন করেছে। ১ ডিসেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির সময় ভিকি কৌশলের 'শ্যাম বাহাদুর'-এর সঙ্গে ক্ল্যাশের মুখোমুখি হয়েছিল। তাতে অবশ্য 'অ্যানিমাল'-এর ব্যবসায় কোনও ক্ষতি হয়নি। আর এবার ওটিটি রিলিজের সময়েও সেটি বড়সড় ক্ল্যাশের মুখে পড়তে পারে বলে জানা যাচ্ছে।
আজকাল ছবি প্রেক্ষাগৃহে মুক্তির ৪৫-৬০ দিনের মধ্যেই ওটিটিতে চলে আসে। সে হিসাবে আগামী বছর জানুয়ারির শেষেই 'অ্যানিমাল' ছোটপর্দায় চলে আসার কথা। জানা যাচ্ছে যে, নেটফ্লিক্সে সিনেমাটি মুক্তি পাবে। এদিকে ওই একইসময় বড়পর্দায় মুক্তি পাবে আগামী বছরের অন্যতম বিগ বাজেট ছবি 'ফাইটার'। হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর অভিনীত এই ছবি নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে।
২৫ জানুয়ারি সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিটি মুক্তি পাবে সিনেমাহলে। তাই রণবীরের ছবিটি ওটিটিতে মুক্তির সময়েও যে বড়সড় ক্ল্যাশের মুখে পড়তে চলেছে, সে কথা বলার অপেক্ষা রাখে না। উল্লেখ্য, এই ক্ল্যাশ আরও একটি দিক থেকে আলাদা হয়ে থাকবে। কারণ, ২০০৭ সালের পর ফের রণবীর ও দীপিকার ছবি একে অপরের মুখোমুখি হতে চলেছে। একটি সিনেমাহলে এবং অপরটি ওটিটি প্ল্যাটফর্মে।
২০০৭ সালে ইদের সময় বলিউড দেখেছিল অন্যতম বড় ক্ল্যাশ। একইদিনে মুক্তি পেয়েছিল শাহরুখ খান অভিনীত 'ওম শান্তি ওম' এবং সঞ্জয় লীলা বনশালি পরিচালিত 'সাঁওয়ারিয়া'। শাহরুখের ওই ছবি দিয়েই নায়িকা হিসাবে ডেবিউ করেছিলেন দীপিকা। অন্যদিকে সঞ্জয়ের ছবির নায়ক হয়ে কেরিয়ার শুরু করেছিলেন রণবীর কাপুর। সেই ক্ল্যাশে হারতে হয়েছিল রণবীরকে। এবার ক্ল্যাশযুদ্ধে কে জেতে, সেটাই দেখার।