
শেষ আপডেট: 30 June 2018 12:40
দ্য ওয়াল ব্যুরো: ট্রেলরেই বোঝা গিয়েছিল বাজিমাৎ করবে এ ছবি। আর তাই রিলিজের আগে থেকেই উন্মাদনা ছিল তুঙ্গে। ফিল্ম সমালোচকরাও জানিয়েছিলেন এ ছবি প্রথম তিন দিনেই ব্যবসা করবে জমিয়ে। আর হলোও ঠিক তাই। রিলিজের একদিনের মধ্যেই 'সঞ্জু'-র ব্যবসা পৌঁছোল ৩৪ কোটিতে। পিছনে ফেলে দিল সলমনের 'রেস-থ্রি' এবং 'অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার'-কেও।
বলিউডে বিতর্কের আরেক নাম সঞ্জয় দত্ত। আর তাঁর বায়োপিকই রিলিজ হয়েছে গত শুক্রবার। প্রথম দিনেই বক্স অফিসে 'সঞ্জু'র ব্যবসার পরিমাণ ৩৪.৭৫ কোটি টাকা। ফিল্ম সমালোচক তরণ আদর্শের আশা মাত্র রিলিজের তিন দিনের মধ্যেই ১০০ কোটির ক্লাবে পৌঁছোবে এই ছবি। এদিকে 'সঞ্জু' রিলিজের পর নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন রণবীর কাপুর। এর আগে রণবীরের 'বেশরম' ছবিটি প্রথম দিনে বক্স অফিসে ব্যবসা করেছিল প্রায় ২১ কোটি টাকার। এ বার তাঁর নতুন ছবি ভেঙে দিল সেই রেকর্ড। শুধু তাই নয়। টুইট করে তরণ লিখেছেন, 'বেশরম' রিলিজ হয়েছিল ছুটির দিনে। গান্ধী জয়ন্তীতে। কিন্তু আর পাঁচটা সাধারণ শুক্রবারের মতোই রিলিজ গত শুক্রবার রিলিজ হয়েছে 'সঞ্জু'। কিন্তু ছুটির দিন না থাকলেও ব্যবসায় ভাটা পড়েনি রাজু হিরানির ছবিতে।
আরও পড়ুন: রিভিউ সঞ্জু, খলনায়ককে নায়ক করা অতিসরল দারুণ এন্টারটেনমেন্ট
https://twitter.com/taran_adarsh/status/1012944624216956929
ইতিমধ্যেই অবশ্য বিতর্ক তৈরি হয়েছে এই ছবি নিয়ে। ট্রেলরে থাকলেও ছবিতে বাদ পড়েছে বেশ কিছু দৃশ্য। এমনকী মাধুরী দীক্ষিতের সঙ্গে সঞ্জয়ের সম্পর্কের কথাও দেখানো হয়নি এই ছবিতে। বাদ গিয়েছে সঞ্জয়ের প্রাক্তন দুই স্ত্রী রিচা শর্মা এবং রিয়া পিল্লাইয়ের কথাও। তবুও এ ছবি নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। সমীক্ষা বলছে, শহরের বেশিরভাগ হলই এই উইকেন্ডে হাউস্ফুল।
তবে শুধু সাধারণ মানুষই নন, সঞ্জু দেখে রণবীরের অভিনয়ের প্রশংসা করেছেন তারকারাও। টুইট করে মিস্টার পারফেকশনিস্ট আমির খান জানিয়েওছেন সে কথা। তবে শুধু রণবীরই নন অভিনয়ের জন্য আমির প্রশংসা করেছেন ভিকি কৌশলেরও। এদিকে রেস থ্রি রিলিজের পরেই সোশ্যাল মিডিয়ায় রণবীরের ফ্যানদের চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন ভাইজানের ফ্যানেরা। সেয়ানে-সেয়ানে টক্কর চলছিল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সেসব চ্যালেঞ্জকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে এখন বক্স অফিসে রাজত্ব করছে 'সঞ্জু'। প্রথম দিনে সলমনের রেস-থ্রি ব্যবসা করেছিল প্রায় ২৭ কোটি টাকার। আর 'অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার'-এর ব্যবসার পরিমাণ ছিল ৩০ কোটি। তবে সাম্প্রতিক সময়ের এই সব বক্স অফিস হিটকে পিছনে ফেলে দিয়ে এখন শুধু সঞ্জু বাবার জীবনের গল্পতেই মেতেছেন জনগণ।
https://twitter.com/aamir_khan/status/1012685015358976000