
আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তীর ও স্বস্তিকা দত্ত
শেষ আপডেট: 3 April 2024 15:37
দ্য ওয়াল ব্যুরো: আর মাত্র কয়েকটা দিন তারপরই বড় পর্দায় ‘আলাপ’চারিতায় আবির-মিমি। মঙ্গলবার ছবির প্রযোজনা সংস্থার তরফে জানানো হল , আগামী ২৬ শে এপ্রিল মুক্তি পাবে আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তীর নতুন ছবি ‘আলাপ’। গতবছর এই জুটিকে এক সঙ্গে নন্দিতা ও শিবপ্রসাদের অ্যাকশনধর্মী ‘রক্তবীজ’ ছবিতে দেখা গিয়েছিল। তবে এই ছবিতে আর অ্যাকশন নয়, এবার দুই তারকাকে প্রেমের গল্পে নতুন করে ‘আলাপ’ সারতে দেখা যাবে।
রোমান্টিক ও কমেডি মোড়কে তৈরি এই ছবির কথা আগেই সুরিন্দর ফিল্মস সংস্থা ঘোষণা করেছিল।পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকি। আর সম্প্রতি প্রকাশ্যে এল ছবির মুক্তির তারিখ। আবির ও মিমির পাশাপাশি ছবিতে অভিনয় করতে দেখা যাবে স্বস্তিকা দত্ত, তন্বী লাহা রায় ও কিঞ্জল নন্দকে।
'আলাপ' ছবিতে মূলত তিনটি চরিত্রকে নিয়ে গল্প। অদিতির চরিত্রে দেখা যাবে মিমিকে, পাবলোর চরিত্রে দেখা যাবে আবিরকে এবং স্বাতীলেখার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে স্বস্তিকা দত্তকে। এছাড়াও ছবিটি অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে দেবপ্রিয় মুখোপাধ্যায়, তন্বী লাহা রায়, কিঞ্জল নন্দ প্রমুখ।
এই নতুন ছবি ‘আলাপ’ প্রসঙ্গে আবির বললেন, ”এই ছবিটা একেবারেই রোমান্সে ঠাসা। প্রেমেন্দুদার গল্প বলার ধরনটা বরাবরই খুব আলাদা। এই ছবিটাও সেই রকমই।”
আবিরের সঙ্গে অভিনয় নিয়ে মিমি জানিয়েছেন, আবিরের সঙ্গে অভিনয় নিয়ে মিমি জানিয়েছেন, ”আবিরদা আমার কাছে পরিবারের মতো। যখন আমি এই ইন্ডাস্ট্রিতে কাউকে চিনতাম না, তখন আবিরদা আমার পাশে ছিলেন। আবিরদার সঙ্গে যেকোনও বিষয় নিয়ে আমি আজও আলোচনা করতে পারি। আমাদের দুজনের মধ্যে দারুণ একটা বোঝাপড়া রয়েছে।”
পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকীর বক্তব্য, ”ভালোলাগা ও ভালোবাসা একেবারেই আলাদা অনুভব। এই ছবির গল্পের ইউএসপিই এটা। এই ছবির নায়ক-নায়িকার মধ্যে প্রেম নিয়ে এই ধোঁয়াশাই রয়েছে।”
এই ছবিতে সঙ্গীত পরিচালনা করছেন অনুপম রায় এবং গান গেয়েছেন লগ্নজিতা চক্রবর্তী ও শ্রেয়া ঘোষাল।