
রুবেল কোথায় গেলেন?
শেষ আপডেট: 24 January 2025 16:30
দ্য ওয়াল ব্যুরো: হাতে মেহেন্দির রঙও এখনও ফিকে হয়নি শ্বেতার। বিয়ের আমেজও টাটকা। কিন্তু ওই যে 'কমিটমেন্ট'। সলমন খান তো কবেই বলে দিয়েছেন, কথা দিয়ে কথার খেলাপ করার মানুষ তিনি নন, এমনকি সে ক্ষেত্রে নিজের মন অন্য কথা বললেও তাকেও থামিয়ে দেওয়া দস্তুর।
একই পথের পথিক অভিনেতা রুবেল দাস। গত ১৯ জানুয়ারি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে বিয়ে করেছিলেন তিনি। পাঁচ দিন কাটতে না কাটতেই হন্তদন্ত হয়ে তাঁকে ঢুকতে দেখা গেল স্টুডিয়োপাড়ায়।
দক্ষিণ কলকাতার ইন্দ্রপুরী স্টুডিয়ো। সেখানেই শুটিং হয় 'নিম ফুলের মধু'র। এ দিন দুপুরে সেখানেই ঢুকতে দেখা যায় তাঁকে। সোজা ঢুকে যান শুটিং ফ্লোরে। এতটাই পেশাদার, হনিমুন না হয় পরে হবে। গত ১৯ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েন রুবেল-শ্বেতা। বৈদিক মতে বিয়ে হয় তাঁদের।
বিয়ের দিন লাল বেনারসী পরেছিলেন শ্বেতা। গলায় ছিল মানানসই সোনার গয়না। পোশাকে ছিল রঙমিলান্তি। রিসেপশনে যদিও দু'জনেই পড়েছিলেন সাদা রঙের পোশাক। সব মিলিয়ে জমজমাট ছিল বিয়েবাড়ি।
সিঁদুরদানের পর আবেগকে ধরে রাখতে পারেননি শ্বেতা। ঝরঝর করে কেঁদে ফেলেন তিনি। বিয়ের আসরে বসেই চোখের জল মুছতে থাকেন। কোনও মতে সামলান নিজেকে। তাঁকে আগলে রেখেছিলেন রুবেল। ৯ বছরের সম্পর্ক ভাঙার পর রুবেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান শ্বেতা। সেই প্রেম অবশেষে পূর্ণতা পেয়েছে সদ্য। তবে বিয়ে মিটতেই ব্যাক টু ওয়ার্ক। শ্বেতা রাজি হলেন? প্রশ্ন করছেন ভক্তরা।