
শেষ আপডেট: 15 October 2022 11:36
দ্য ওয়াল ব্যুরো: এই তো কয়েকমাস আগের ঘটনা। তখনও মীর (Mir Afsar Ali) মানেই ছিল সকালম্যান। রেডিওতে মীরের গলায় 'গুড মর্নিং কলকাতা' শব্দবন্ধনী ছিল অনেকের কাছে অ্যালার্মের মতো। মীর আর রেডিও মির্চি তখনও ছিল সমার্থক শব্দ। তবে একসময় সবই অতীত হয়। সাড়ে তিনমাস আগে এগুলোও অতীত হয়েছে। রেডিও থেকে বিদায় নেওয়ার পর নিজের মতো জীবন বেছে নিয়েছেন তিনি।
তবে আজও বহু শ্রোতা তাঁর কণ্ঠে গল্প (story) শোনার অনুরোধ করেন। সোশ্যাল মিডিয়া হোক বা জনসমক্ষে, মীরের কাছে আজও সেই আবদার আসে। আর সেইসব শ্রোতাদের জন্যই ফের একবার পরিচিত কণ্ঠে গল্প পাঠ করলেন মীর। শুক্রবার রাতে এক ফেসবুক লাইভে (facebook live) এসে মীর নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করলেন। কিছু কথা, কিছু অনুভূতি ভাগ করে নেন তাঁর ভক্তদের সঙ্গে। আর শোনালেন একটি গল্প।
'হাল ছেড়ো না বন্ধু…', এদিনের কথায় হয়তো এটাই বোঝাতে চাইলেন তিনি। দীর্ঘ সাড়ে তিন মাস ধরে অনেক প্রশ্নের সামনে পড়তে হয়েছে তাঁকে। কেন তিনি আর রেডিওতে নেই, সেই প্রশ্নে জর্জরিত মীর দিলেন নিজের ব্যাখ্যা। হয়তো মির্চি বা রেডিও ছাড়ার আসল কারণ ব্যক্ত না করলেও নিজের কিছু কথা ভাগ করে নিতে দ্বিধাবোধ করেননি তিনি।
মীর যে আজও রেডিওকে মিস করেন, গল্প পড়তে না পারাকে মিস করেন, সেসবই উঠে এসেছে এই লাইভের পরতে পরতে। তাই লাইভ শেষ করার আগে মেয়ে মুশকানের সংগ্রহে থাকা একটি গল্পের বই থেকে পাঠ করেছেন লীলা মজুমদারের লেখা 'খেরোর খাতা' থেকে ছোট গল্প 'নেশাখোর'।
‘শববাহী গাড়িতে বসে মহিলা হাসলেন, আমি ঘেঁটে গেলাম’! সাতসকালে ফেসবুক পোস্টে কী বললেন মীর