
শেষ আপডেট: 5 December 2023 18:27
দ্য ওয়াল ব্যুরো: ১ ডিসেম্বর মুক্তির পর থেকেই দেশজুড়ে বিতর্কের কেন্দ্রে রণবীর কাপুরের ‘অ্যানিমাল’। ছবির পরতে পরতে রয়েছে নারীবিদ্বেষী মন্তব্য, ভাবনাচিন্তা, এমনই অভিযোগ নেটিজেনদের একাংশের। পরিচালক সন্দীপ রেড্ডি ভঙ্গা এখনও এই বিতর্কে মুখ খোলেননি। বিতর্কের ফলে ছবির ব্যবসায় অবশ্য কোনও ক্ষতি হয়নি, বরং লাভই হয়েছে। তবে এত বিতর্ক নিয়ে নিজের মতামত জানিয়েছেন সঙ্গীতশিল্পী আদনান সামি।
আদনানের দাবি, একটা সিনেমাকে সিনেমার মতোই নেওয়া উচিত। ছবি নিয়ে যেভাবে বিতর্ক হচ্ছে, তাতে বেশ বিরক্তি প্রকাশ করেছেন গায়ক। সঙ্গে টেনে এনেছেন পুরনো বেশ কিছু হিন্দি ছবির প্রসঙ্গও। সাধারণ দর্শকদের উদ্দেশে তিনি বলেছেন, “আপনারা কি দয়া করে সিনেমা নিয়ে নিজেদের মতো বিশ্লেষণ, চিন্তাভাবনা, নীতি পুলিশি বন্ধ করবেন! এটা শুধুই একটা ছবি। কল্পনা, বিনোদন মাত্র। অনুরোধ করছি, যুক্তি খুঁজবেন না।”
View this post on Instagram
এরপর আদনান সামি আরও বলেন, “আপনি যদি এই সিনেমা নিয়ে যুক্তি খুঁজতে যান, তাহলে আমাকে ‘অমর আকবর অ্যান্টনি’ ছবির সেই রক্তদানের দৃশ্যটি নিয়েও যুক্তি দিন। এক মায়ের তিন ছেলে একইসঙ্গে কীভাবে রক্ত দেয়! কিংবা ‘শোলে’-র ক্লাইম্যাক্সে গব্বরকে হাত ছাড়াই ঠাকুর পা দিয়ে মারল। এই দৃশ্যের পেছনে কী যুক্তি রয়েছে, সেটাও আমায় ব্যাখ্যা করুন! আসলে এগুলো অবিশ্বাস্য, যা আমরা দেখতে ভালবাসি!”
উল্লেখ্য, ‘অ্যানিমাল’ সেন্সর বোর্ড থেকে ‘এ’ রেটিং পেয়েছে। এর পাশাপাশি কিছু দৃশ্যে কাঁচিও চালানো হয়েছে। সেই প্রসঙ্গে আদনান বলেছেন, “ছবিটিকে সবদিক ভেবেই ‘এ’ তকমা দেওয়া হয়েছে। আর একজন প্রাপ্তবয়স্ক মানুষ কোনটা ঠিক, আর কোনটা ভুল, তা বোঝার জন্য যথেষ্ট পরিপক্ক ও শিক্ষিত। তাঁদের উপর কোনও নেতিবাচক প্রভাব পড়বে না। তাই মজা করে ছবি দেখুন, বিনোদন পান এবং বাড়ি ফিরুন!