
অদিতি রাও হায়দারি এবং সিদ্ধার্থ সূর্যনারায়ণ
শেষ আপডেট: 27 March 2024 21:19
দ্য ওয়াল ব্যুরো: বিয়ে করলেন অদিতি রাও হায়দারি?
চমকে ওঠার মতো ব্যাপারই বটে। বলিউডে এখন বিয়ের সানাই বাজছে। চুপিচুপি বিয়ে সেরেছেন তাপসী পান্নু। সদ্যই পুলকিত সম্রাটের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন কৃতী খারবান্দা। আর এবার ছাদনাতলায় গেলেন আরও এক বলি ডিভা অদিতি রাও হায়দারি। পাত্র দক্ষিণী তারকা সিদ্ধার্থ।
বি-টাউনে আপতত চুপিচুপি বিয়ে করাটাই যেন নয়া ট্রেন্ড। ২০২৪-এর প্রথম দিন প্রেম সম্পর্কে সিলমোহর দিয়েছিলেন অদিতি। সিদ্ধার্থর সঙ্গেই যে তাঁর অফস্ক্রিন রোম্যান্স চলছে তা জানতে বাকি ছিল না বি-টাউনের। জানুয়ারিতে জানালেন তিনি প্রেম করছেন, আর তিন মাস যেতে না যেতেই একেবারে সাত পাকে বাঁধা পড়লেন অদিতি।
সাউথের খুবই চেনা মুখ সিদ্ধার্থ। মনে আছে রং দে বাসন্তীর সেই মিষ্টি ছেলেটাকে? সেই সিদ্ধার্থের সঙ্গেই প্রেম করছিলেন অদিতি রাও তেলঙ্গানার শ্রী রঙ্গনায়াকা স্বামী মন্দিরে সাত পাকে বাঁধা পড়েছেন অদিতি-সিদ্ধার্থ। এই গোপন বিয়ের অনুষ্ঠানে দুজনের পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরা ছাড়া কেউই ছিলেন না। এখনও আনুষ্ঠানিকভাবে বিয়ের খবর ঘোষণা করেননি দু’জনে। শোনা গেছে, দক্ষিণী রীতি মেনেই বিয়ে করেছেন দু’জনে।
অদিতি ও সিদ্ধার্থ দুজনেই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন। আইনজীবী সত্যদীপ মিশ্রার সঙ্গে অদিতির বিবাহবিচ্ছেদ হয় ২০১২-তে। ১২ বছর পর আরও একবার জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অদিতি রাও হায়দারি। ২০২১ সাল থেকেই অদিতি-সিদ্ধার্থর প্রেমের গল্প শোনা যাচ্ছিল। তামিল-তেলুগু ছবি মহা মহাসমুদ্রম ছবিতে কাজ করেছিলেন দুজনে। তারপর থেকেই পেজ-৩ পার্টি, বিমানবন্দরে একসঙ্গে দেখা যাচ্ছিল দুজনকে। বি-টাউনে কান পাতলে শোনা যায় ২০০৩ সালে নাকি গোপনে মেঘনাকে বিয়ে করেছিলেন সিদ্ধার্থ। ২০০৯ সালে সেই বিয়ে ভাঙে। এখন অতীত ভুলে দুজনেই নতুন করে তাঁদের স্বপ্ন সাজাচ্ছেন।