
অদিতি রাও হায়দারি এবং সিদ্ধার্থ
শেষ আপডেট: 28 March 2024 20:09
দ্য ওয়াল ব্যুরো: ২৭ মার্চ সোশ্যাল মিডিয়াতে রটে যায়, বলিউডের এই দুই তারকা তেলঙ্গানার এক মন্দিরে লুকিয়ে বিয়ে সেরে নিয়েছেন। তার ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই প্রকৃত ঘটনা সামনে এল। প্রেমিক সিদ্ধার্থের সঙ্গে বিয়ের খবরটা পুরোটা সত্যি না হলেও খানিকটা যে সঠিক জানিয়ে দিলেন বলি ডিভা অদিতি রাও হায়দারি। বৃহস্পতিবার সিদ্ধার্থ ও অদিতি তাঁদের এনগেজমেন্টের ছবি নিজেদের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে দুজনের হাতেই রয়েছে এনগেজমেন্ট রিং। অর্থাৎ এটুকু পরিষ্কার, যে তাঁরা বিয়ে না করলেও আপাতত বাগদানটা সেরে ফেলেছেন।
বলিউড বা টলিউড সব জায়গাতেই এখন বিয়ের মরশুম। কিছুদিন আগেই বিয়ে সারলেন টলিউডের কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। পাশাপাশি বলিউডের তাপসী পান্নু গাঁটছড়া বেঁধেছেন ম্যাথিয়াস বোয়ের সঙ্গে এবং পুলকিত সম্রাটের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন কৃতী খারবান্দা। গত কালই রটে যায় বিয়ে করেছেন বলিউডের আর এক যুগল অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থ। যদিও একদিন পর সত্যিটা সামনে আসে। বিয়ে নয়, শুধু আংটি বদল করেছেন তাঁরা।
সিদ্ধার্থের সঙ্গে অনেক দিন থেকেই গোপনে প্রেম করেছেন অদিতি। তাঁদেরকে একসঙ্গে বহুবার পাপারাৎজ্জিদের ক্যামেরায় দেখা গেলেও তাঁরা কখনওই ব্যক্তি জীবনকে সামনে আনেননি। এনগেজমেণ্টের পর তাঁরা তাঁদের একটি ছবি প্রকাশ্যে আনেন। যেখানে তাঁদের সব ভক্তরা তাঁদের শুভেচ্ছা জানায়।