
শেষ আপডেট: 1 February 2023 14:56
দ্য ওয়াল ব্যুরো: ২০২২ সালে বাবাকে হারিয়েছেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। জীবনের সবচেয়ে শক্ত ঘুঁটিকে হারিয়ে রীতিমতো ভেঙে পড়েছিলেন শ্রীলেখা। সেই রেষ এখনও কাটেনি। এবার সেই বাবাকেই 'মুক্তি' দিতে গয়া (Gaya) যাচ্ছেন অভিনেত্রী। এদিন নিজেই ফেসবুকে সে কথা (facebook post) জানিয়েছেন।
বুধবার সন্ধেয় শ্রীলেখা লেখেন, "বাবাকে একেবারে মুক্তি দিতে কাল গয়ার উদ্দেশে বেরোচ্ছি। এমন একটাও দিন যায়না, যেদিন বাবাকে স্বপ্নে দেখি না, মনে করি না। এই ক্ষতটা যে কী গভীর আমি তার তল খুঁজে পাইনা। আজও প্রত্যেকদিন বাবা বাবা করে কাঁদি।"
এখানেই থামেননি অভিনেত্রী। এরপর লেখেন নিজের মায়ের কথাও। বলেন, "মায়ের একটু অভিমান ছিল যে, আমি বাবাকে একটু বেশি ভালবাসি বলে। এখন যেটা আমার মেয়ের প্রতি আমার হয়। মা-বাবা মুক্ত হও আবার যেন দেখা হয়। তোমরা যাওয়ার পর থেকে আমি আর ভাল নেই।"
উল্লেখ্য, এই প্রথম নয়, শ্রীলেখার ফেসবুক পোস্টে প্রায়শই সেই শূন্যতার আঁচ মেলে। আজকেও বাবাকে নিয়ে ফের নতুন পোস্ট করলেন তিনি। যার ছত্রে ছত্রে উঠে এল প্রিয় মানুষকে হারিয়ে ফেলার যন্ত্রণা।
পাহাড়ের কোলে বিরাট! স্ত্রী-কন্যাকে নিয়ে ট্রেকিংয়ে ব্যস্ত মহাতারকা, প্রকাশ্যে ছবি