
শেষ আপডেট: 1 December 2023 13:09
দ্য ওয়াল ব্যুরো: শুধু বলিউড কেন, শীতকাল পড়তেই বিয়ের হিড়িক লেগেছে টলিউডেও। এই ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। স্টার জলসার 'দুর্গা' সিরিয়ালের সৌজন্যে সন্দীপ্তা বাঙালি বাড়ির মা-কাকিমাদের কাছে খুবই পরিচিত মুখ। তিনি বিয়ে করতে চলেছেন তাঁর দীর্ঘদিনের প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়কে। পাত্র বাংলার জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের অন্যতম শীর্ষ আধিকারিক। জানা গিয়েছে, এই ডিসেম্বরেই তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন।
শুক্রবার রাতে ঘড়ির কাঁটা ১২টার ঘর পেরোতেই সৌম্যর সঙ্গে তাঁর তিনটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী। তিনটে ছবিই তাঁদের প্রি-ওয়েডিং ফোটোশ্যুটের। সঙ্গে ক্যাপশনে লিখেছেন আবেগঘন বার্তাও। নতুন জীবন শুরুর প্রাক্কালে সন্দীপ্তা যে কতটা উচ্ছ্বসিত, তা পরিষ্কার বোঝা গিয়েছে সেই লেখার ছত্রে ছত্রে। অভিনেত্রী লিখেছেন, "জীবনে অনেক ৭ ডিসেম্বর কাটিয়েছি, তবে কখনও ভাবিনি এই ৭ ডিসেম্বরের জন্য এরকমভাবে অপেক্ষা করব। সৌম্য মুখার্জি রেডি তো?"
View this post on Instagram
অর্থাৎ আগামী ৭ ডিসেম্বর সৌম্যর সঙ্গে গাঁটছড়া বাঁধছেন সন্দীপ্তা। পাত্র-পাত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ কলকাতাতেই বসছে বিয়ের আসর। হাতে আর মাত্র ৬ দিন বাকি। এইমুহূর্তে দু'পক্ষেরই বিয়ের প্রস্তুতি যে তুঙ্গে, সে কথা হলফ করে বলাই যায়। উল্লেখ্য, একসময় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর প্রেমের গুজব ছড়িয়েছিল। তখন স্টার জলসায় 'তুমি আসবে বলে' নামের একটি ডেলি সোপে অভিনয় করতেন তাঁরা। এমনকী রাহুল-প্রিয়াঙ্কার ডিভোর্সও নাকি এই কারণেই হয়েছিল।
অন্যদিকে সন্দীপ্তাও সেসময় বারবার বলেছিলেন, যে খবর রটেছে তা একেবারে ভুয়ো। রাহুলের সঙ্গে তাঁর কোনওরকম প্রেমের সম্পর্ক ছিল না। তবে এখন সেসব অতীত। ছেলের কথা ভেবে ফের এক হয়েছেন রাহুল এবং প্রিয়াঙ্কা। এদিকে সন্দীপ্তা-সৌম্যর প্রেমপর্বও ঝড়ের গতিতে এগিয়েছে। অবশেষে আগামী ৭ ডিসেম্বর তাঁদের এই প্রেমযাত্রার একটা পর্ব পূরণ হতে চলেছে। সূত্রের খবর, ঘরোয়াভাবে নয়, একেবারে জাঁকজমক করে বিয়ের অনুষ্ঠান আয়োজন করবেন তাঁরা।