
সাজিদ খান (ছবি-গুগল)
শেষ আপডেট: 28 April 2025 19:56
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের জনপ্রিয় পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে বিস্ফোরক অভিনেত্রী নবীনা বোলে (Actress Navina Bole on Sajid Khan)। 'পোশাক খুলে অন্তর্বাস পড়ে সামনে বসতে বলেছিলেন', এক সাক্ষাৎকারে এই অভিযোগ করেন তিনি।
সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলের (Youtube Channel) পডকাস্টে 'কাস্টিং কাউচ'-এর অভিজ্ঞতা নিয়ে কথা বলেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী নবীনা বোলে (Navina Bole)। পরিচালক সাজিদ খান (Sajid Khan) তাঁকে বাড়িতে ডেকে কীভাবে হেনস্থা করেছিলেন, সেই কথাও বলেন তিনি। অভিনেত্রী বলেন, "সাজিদ খান একজন ভয়ংকর মানুষ। তাঁর সঙ্গে আর কোনওদিন দেখা করতে চাই না। মহিলাদের অসম্মান করার সব সীমা অতিক্রম করে ফেলেছেন তিনি।"
'হেই বেবি' সিনেমার অডিশনে ডাক পেয়েছিলেন নবীনা বোলে। তাঁর অভিযোগ, "আমি খুব খুশি ছিলাম। কিন্তু হঠাৎ তিনি (সাজিদ খান) ডেকে বললেন, তুমি পোশাক খুলে কেবল অন্তর্বাস পরে আমার সামনে বসো। আমি দেখতে চাই তুমি কতটা কমফর্টেবল।"
এই ঘটনার এক বছর পর সাজিদ খান ফের যোগাযোগ করেছিলেন বলে দাবি করেন অভিনেত্রী। এনিয়ে তিনি বলেন, "সাজিদ খান আমাকে ফোন করে আবারও তাঁর ছবির অডিশনের জন্য ডাকেন।" আসলে উনি এতজন মহিলার সঙ্গে অশালীন ব্যবহার করেছেন, তাই হয়তো তাঁর মনে নেই যে মাত্র একবছর আগেই আমার সঙ্গে কী ব্যবহার করেছিলেন তিনি?
২০১৯ সালে 'মি টু' আন্দোলনের (Me Too movement) সময়ে সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্থার একাধিক অভিযোগ ওঠে। সাংবাদিক করিশ্মা উপাধ্যায়, অভিনেত্রী শারলিন চোপড়া, র্যাচেল হোয়াইট, সালোনি চোপড়া পরিচালকের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। 'মি টু' অভিযোগের কারণে রাতারাতি নির্মাতারা ছবি থেকে সরিয়ে দেয়, এমনটাই দাবি করেছিলেন সাজিদ খান (Sajid Khan)। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, "অভিযোগ প্রকাশ্যে আসার পর মা'কে কিছু জানাইনি। ফারহা (খান) সব সংবাদপত্র, পত্রিকা মায়ের থেকে লুকিয়ে রাখত। মা জানতে পারলে হয়তো হৃদরোগে আক্রান্ত হতেন। গত ছ'বছরে অনেকবার আত্মহত্যা করতে চেয়েছি। হাতে কাজ না থাকায় নিজের ফ্ল্যাট বিক্রি করে ভাড়া বাড়িতে যেতে হয়।"
আইএফটিডিএ-এর (IFTDA) তরফে ইতিমধ্যেই কাজের অনুমতি পেয়েছেন পরিচালক। ২০২৩ সালে জনপ্রিয় রিয়্যালিটি শো 'বিগ বস'-এ অংশ নিয়েছিলেন তিনি। এই মুহূর্তে তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। নতুন করে নিজেকে আবিষ্কার করেছেন, জীবন পাল্টে গিয়েছে অনেকটাই, এমনটাই জানিয়েছিলেন সাজিদ খান।