
শেষ আপডেট: 20 January 2024 13:32
দ্য ওয়াল ব্যুরো: ভারত এমন একটা দেশ যেখানে সিনেমা মানুষের প্রতি ভীষণ প্রভাব ফেলে। তাই সিনেমায় কী দেখানো হচ্ছে, তা নিয়ে সর্বদা সতর্ক থাকা উচিৎ। এই দেশেই 'অ্যানিম্যাল', 'তেরে নাম'-এর মত সিনেমার বক্স অফিসে নাম করে। কারণ দেশের ৮০ ভাগ ছেলেরাই তাদের সঙ্গিনীর ওপর অত্যাচার করে। আর সেটাই তাদের কাছে স্বাভাবিক।
তবুও চেষ্টা হচ্ছে নতুন ধরণের গল্প নিয়ে কাজ করার। ঠিক যেমন করেছে অভিনেত্রী কঙ্কনা চক্রবর্তী। সম্প্রতি ওনার অভিনীত শর্টফিল্ম 'মালতির ট্রেলার' মুক্তি পেয়েছে। ছবিটির গল্প একটি মেয়েকে কেন্দ্র করে, যার জীবনটা মুহূর্তে বদলে যায় যখন সে জানতে পারে তার সঙ্গী তাকে ঠকাচ্ছে।
পরিচালক ম্রুনাল মিস্ত্রি জানান এই ছবি কোনো ছেলেকে ছোট করার জন্য বা মেয়েদের হয়ে বানানো হয়নি। শর্টফিল্মটি ছেলেমেয়ে নির্বিশেষে সবার জন্য। কেউ যখন কাউকে ভালোবেসে তার সঙ্গে থাকে, তখন সে আশা করে উলটোদিকের মানুষটাও তারসঙ্গে ভালো ভাবেই থাকবে। কিন্তু সেখানে দাঁড়িয়ে যখন বিশ্বাসে আঘাত লাগে, তখন তার সঙ্গে থাকাটা মুশকিল হয়। কিছু মানুষ তবুও থেকে যায়, দেখেও না দেখার ভান করে। ভাবে এটাই সুস্থ সম্পর্ক। ভুল হয়েছে, সেটা মানিয়ে চলাটাই জীবন। একটি মেয়ের নিশ্চুপে থাকা সেই জীবনযাত্রার কথাই বলেছেন পরিচালক এই শর্টফিল্মে।
অভিনেত্রী কঙ্কনা নিউ ইয়র্ক থেকে অভিনয়ে স্নাতক স্তরে পড়াশোনা করেছেন। অভিনয় তো বটেই, উনি অনেক শর্টফিল্ম ও ডকুমেন্টারিও বানিয়েছেন। হইচইতে 'শব্দজব্দ' সিরিজেও অভিনয় করেছিলেন উনি। এছাড়াও ১২তম মুম্বই শর্টফিল্মে 'মালতি'র জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান কঙ্কনা। এখনও শর্টফিল্মটি বিভিন্ন চলচ্চিত্র উৎসবে নিজের জায়গা খুঁজে পাওয়ার লড়াই লড়ছে।
রজত কাপুরের পরিচালনায় প্রথম বলিউড সিনেমায় অভিনয় করেন অভিনেত্রী কঙ্কনা চক্রবর্তী। সেটি সম্প্রতি জিও মামি ফেস্টিভ্যালে দেখানোও হয়।