
শেষ আপডেট: 20 January 2023 12:09
রানু মণ্ডল অসুস্থ। তবে রিয়েল রানু মণ্ডল নন, রিল লাইফের রানু মণ্ডল অর্থাৎ ঈশিকা দে (Ishika Dey)। 'কুসুমিতার গপ্পো' খ্যাত পরিচালক ঋষিকেশ মণ্ডলের 'এক পেয়ার কা নাগমা হে' প্রথম হিন্দি ছবিতে রানু মণ্ডলের ভূমিকায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী (Actress)। রানাঘাট স্টেশনের রানু মণ্ডলের কণ্ঠে কিংবদন্তী গায়িকা লতা মঙ্গেশকরের সুপারহিট গান 'এক পেয়ার কা নাগমা হে 'সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিল। এরপর রানু মণ্ডলের জনপ্রিয়তা কোনও তারকার থেকে কম কিছু নয়। এই রানু মণ্ডলকে নিয়েই প্রথম হিন্দি ছবি তৈরি করছেন পরিচালক ঋষিকেশ মণ্ডল।
গত ২৯ ডিসেম্বর নদিয়ার পলাশিতে শেষ শিডিউলের শ্যুটিং হয়। এরপর কলকাতায় ফিরেই অসুস্থ (sick) হয়ে পড়েন নায়িকা ইশিকা। অসুস্থতা এতটাই চরম ওঠে যে গত ১৩ দিন হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। পুরোপুরি সংজ্ঞা না হারালেও সেই অর্থে জ্ঞান ছিল না। প্রচন্ড জ্বর, এমনকী হাঁটার ক্ষমতাও ছিল না। খাওয়া-দাওয়া করতে পারছিলেন না। এরকম শারীরিক আরও নানা সমস্যা নিয়ে ৭ জানুয়ারি তিনি হাসপাতালে ভর্তি হন। তবে এখন শারীরিক দুর্বলতা থাকলেও কিছুটা সুস্থ। গতকাল ১৯ জানুয়ারি তিনি বাড়ি ফিরেছেন।
কলকাতার মেয়ে হলেও তিনি থাকেন মুম্বইয়ের ভারসোভাতে। এখন তিনি কলকাতার বাড়িতে বাবা-মায়ের কাছে রয়েছেন। বাড়ি ফিরে সেকথাই তিনি জানালেন। ইশিকা জানান, "প্রথমে তো কিছু বুঝতে পারিনি। খুব জ্বর, মাথা ব্যাথা, হাত পা ব্যথা। ভেবেছিলাম আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ১০ দিন প্রথমে বাড়িতেই ছিলাম। কিন্তু অসুস্থতা ক্রমশ বাড়তে থাকে। শেষ অবধি হাসপাতালে ভর্তি হতে হয়। নদিয়ার পলাশিতে শ্যুটিং করার সময়ই ঘটনাটা ঘটে। কিন্তু তখন বুঝতে পারিনি।
চিকিৎসকেরা সন্দেহ করছেন যে পোকা থেকে আক্রান্ত হয়েছি। হয়তো কোনও পোকা চেটে দিয়েছে। সেটা এতটাই মারাত্মক যে ডেঙ্গু-ম্যালেরিয়ার থেকেও অনেক বেশি ক্ষমতাশালী এবং ভয়ঙ্কর। মানুষের জীবন শেষ করে দেয় সেটা তো জানা ছিল না। শারীরিক লক্ষণ দেখে চিকিৎসকরা সন্দেহ করেছেন এটা স্ক্রাব টাইফাস। যদিও ফাইনাল রিপোর্ট এখনও আসেনি। যেহেতু কাঁপুনি দিয়ে জ্বর নেই, মাথাব্যথা সেভাবে নেই, চোখে পরিষ্কার দেখতে পাচ্ছি ইত্যাদি কারণে ছেড়ে দিয়েছে। আগের থেকে অনেকটাই ভাল আছি। তবে খুব দুর্বল। কী যে কষ্ট বলে বোঝানো যাবে না।"
এরপর তিনি আরও বলেন, "শারীরিক অবস্থা যে পর্যায়ে পৌঁছে গিয়েছিল, ভাবিনি যে সেখান থেকে ফিরতে পারব। যেদিন সচেতনভাবে নিঃশ্বাস ফেললাম সেদিন মনে হল ঈশ্বরের আশীর্বাদে স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারছি। এই অসুস্থতার মাঝেই 'পান সিং তোমর' খ্যাত পরিচালক তিগমাংশু ধুলিয়ার থেকে ছবির অফার আসে। ২৩ জানুয়ারি থেকে শ্যুটিং শুরু হওয়ার কথা। অসুস্থতার কারণে সেটি নাকোচ করতে হয়েছে। শুধু একটাই কথা ভাবছি, যেহেতু আমি মুম্বই শহরে একা থাকি ওখানে চলে যাওয়ার পর যদি এই ঘটনা ঘটতো তবে কি হতো?" কিছুক্ষণ কথা বলে থামলেন ঈশিকা।
এ ক্ষেত্রে প্রযোজনা সংস্থা বা পরিচালকের কাছ থেকে কোনও সহযোগিতা পেয়েছেন? প্রশ্ন শুনেই ইশিকা বলেন, "শ্যুটিং চলাকালীন তো আমি অসুস্থ হইনি, ফলে তাঁদের উপর কোনও দায়িত্ব বর্তায় না। তবুও বলব আমি খুব ভাগ্যশালী, যে পরিচালক-প্রযোজকদের পাশে পেয়েছি। বিশেষ করে পরিচালক ঋষিকেশ মণ্ডলের তৎপরতায় হাসপাতালে ভর্তি হতে পেরেছিলাম। নাহলে কী যে হত জানি না। ঈশ্বরের কাছে এখন একটাই কামনা, তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার যেন কাজের জগতে ফিরতে পারি।"
'পাঠান' প্রথমদিন দেখতে না পেলে নিজেকে শেষ করার হুমকি শাহরুখ-ভক্তের, ভাইরাল ভিডিও