
অভিনেত্রী ম্যাগি স্মিথ
শেষ আপডেট: 27 September 2024 19:57
দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত হ্যারি পটারের অভিনেত্রী ডেম ম্যাগি স্মিথ। ছবিতে প্রফেসর ম্যাকগনাগেল-এর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। পাশাপাশি ডাউনটন অ্যাবের জন্য পরিচিতি পান অভিনেত্রী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৯ বছর। শুক্রবার লন্ডনের হাসপাতালেই মারা যান ম্যাগি স্মিথ।
অভিনেত্রীর দুই ছেলেই মায়ের মৃত্যুর খবর প্রকাশ্যে আনেন। তাঁরা বিবৃতি দিয়ে লেখেন, 'অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি ডেম ম্যাগি স্মিথ মারা গেছেন। ২৭ তারিখ, শুক্রবার সকালে তিনি প্রয়াত হন। শেষ মুহূর্ত অবধি পরিবার এবং বন্ধুর সঙ্গেই কাটিয়েছেন।' তাঁরা আরও জানিয়ে বলেছেন, 'যাঁরা মায়ের খবর নিয়েছেন, পাশে থেকেছেন তাঁদের ধন্যবাদ।'
ব্রিটিশ মঞ্চ এবং পর্দা দুই ক্ষেত্রেই দাপিয়ে অভিনয় করেছেন কিংবদন্তি অভিনেত্রী। ১৯৭০ সালে দ্য প্রাইম অফ মিস জিন ব্রডি এবং ১৯৭৯ সালে 'ক্যালিফোর্নিয়া সুইট'-এর জন্য পেয়েছিলেন দু-দু'টি অস্কার। আরও চারটি মনোনয়ন ছিল তাঁর নামে। বাফটা পুরস্কারের সংখ্যা আটটি।
প্রসঙ্গত, ঠিক এক বছর আগে ২৮ সেপ্টেম্বর প্রয়াত হন হগওয়ার্টসের হেডমাস্টার ‘ডাম্বলডোর’ অভিনেতা মাইকেল গ্যাম্বন। ঠিক তার আগের বছর অক্টোবর মাসে মারা যান হ্যারি পটারের ‘হ্যাগরিড’ তথা অভিনেতা রবি কোলট্র্যান। আর এবার প্রফেসর 'ম্যাকগনাগেল' ডেম ম্যাগি স্মিথ।