
অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়।
শেষ আপডেট: 20 August 2024 13:36
দ্য ওয়াল ব্যুরো: বেপরোয়া ভাবে গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার ছোট পর্দার অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়। সোমবার মাঝরাতে বেহালার রাজা রামমোহন রায় রোডে এই ঘটনা ঘটে। অভিযোগ, মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলেন অভিনেতা। নিয়ন্ত্রণ হারিয়ে লাল রঙের গাড়িটি প্রথমে একটি বাড়ির দেওয়ালে ধাক্কা মারে। তারপর গিয়ে ধাক্কা মারে এক বাইক আরোহীকে। গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তিকে তড়িঘড়ি এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিনেতার গাড়িতে মদের বোতল পাওয়া গিয়েছে বলেও অভিযোগ ওঠে।
ঘটনার পরে সম্রাট এক সংবাদ মাধ্যমকে জানান, ‘কেউ জিজ্ঞেস না করেই নিজেদের মন গড়া কাহিনি রটিয়ে দিচ্ছে। আমার গাড়িটা থানায় জমা রেখেছে। এত বড় ঘটনাও ঘটেনি।'
তাঁর কথায়, 'রাতে একটি বাইক আমার গাড়িটাকে ওভারটেক করার চেষ্টা করে। আমি খুব স্পিডে যে গাড়িটা চালাচ্ছিলাম তেমনটাও নয়। গাড়িতে ধাক্কা লাগার জন্য ছেলেটির আঘাত লেগেছে। তাঁকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছে। তবে এই পুলিশের গ্রেফতার করার যে খবর রটছে সেটা সম্পূর্ণ ভুল। আমার গাড়িটারও ক্ষতি হয়েছে।’
আর মদের বোতল? এই প্রসঙ্গ নস্যাৎ করে অভিনেতা খোলসা করলেন, ‘শুটিং সেরে বাড়ি ফিরছিলাম। আমার গাড়িতে শুটিংয়ের অনেক জিনিস থাকে। সে সব দেখেই হয়তো এমন কিছু ধারণা করতে পারে সবাই। তার থেকে বেশি কিছু নয়।’
দীর্ঘদিন ধরে টেলিভিশনের পরিচিত মুখ সম্রাট মুখোপাধ্যায়। একাধিক ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে তাঁকে। পাশাপাশি নিজের নাচ ও অভিনয় প্রশিক্ষণ কেন্দ্রও চালান এই অভিনেতা। যেখান থেকে প্রশিক্ষণ পেয়ে অনেকেই অভিনয় জগৎ ও সংবাদ মাধ্যমে কেরিয়ার গড়েছেন। সম্রাটের স্ত্রী ময়না মুখোপাধ্যায়ও অভিনেত্রী। এই মুহূর্তে ‘আকাশ কুসুম’ ধারাবাহিকে কাজ করছেন সম্রাট। খবর হয়, সিসিটিভি ফুটেজ দেখে অভিনেতাকে গ্রেফতার করা হয়েছে। আহত বাইক আরোহীর কপালে ও গালে গুরুতর চোট লেগেছে।