
শেষ আপডেট: 26 November 2023 14:51
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে জল্পনা সত্যি হল। বিয়ের পিঁড়িতে বসছেন বলিউডের নামী অভিনেতা রণদীপ হুড্ডা। পাত্রী তাঁর দীর্ঘদিনের বান্ধবী লিন লাইশরাম। মূলত মডেলিং করেন তিনি। এছাড়া সিনেমাতেও টুকটাক অভিনয় করেছেন। লিন মণিপুরের বাসিন্দা। সেখানেই বিয়ের আসর বসবে। পাশাপাশি মুম্বইয়ে রিসেপশনের আয়োজন করা হবে।
শনিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেতা নিজেই বিয়ের খবর জানিয়েছেন। আগামী ২৯ নভেম্বর ইম্ফলে বিয়ে করবেন তাঁরা। এরপর অবশ্য বলিউডের বন্ধুবান্ধবদের জন্য আলাদা করে মুম্বইয়ে রিসেপশন পার্টির আয়োজন করবেন অভিনেতা। সূত্রের খবর, রণদীপ ও লিনের বিয়ের আসর ‘মহাভারত’ মহাকাব্যের থিম অনুযায়ী সাজানো হবে।
জানা গিয়েছে, সোমবারের মধ্যেই রণদীপ মণিপুর পৌঁছে যাবেন। এমনিতে বলিপাড়ায় এখন ডেস্টিনেশন ওয়েডিংয়ের চল। বছরখানেক আগেও রণবীর-দীপিকা, বা অনুষ্কা-বিরাট বিয়ে করেছিলেন বিদেশে গিয়ে। আবার সম্প্রতি ক্যাটরিনা-ভিকিরা তাঁদের বিয়ের জন্য বেছে নিয়েছিলেন রাজস্থানের পুরনো কেল্লা। তবে রণদীপ সে পথে হাঁটছেন না।
একসময় রণদীপের সঙ্গে সুস্মিতা সেনের প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল বলিপাড়ায়। তবে দু’জনের কেউই সেই সম্পর্কের কথা কোনওদিন স্বীকার করেননি। তবে লিনের সঙ্গে রণদীপের প্রেমের কথা বলিউডে ছিল ওপেন সিক্রেট। অবশেষে ৪৭ বছর বয়সে সেই বান্ধবীকে বিয়ে করতে চলেছেন অভিনেতা। মণিপুরী রীতি মেনেই বিয়ে করবেন তাঁরা।
উল্লেখ্য, সম্প্রতি লিনকে দেখা গিয়েছে করিনা কাপুর, বিজয় বর্মা অভিনীত, সুজয় ঘোষ পরিচালিত ছবি ‘জানে জান’-এ। তবে বলিউডে তাঁর আত্মপ্রকাশ শাহরুখ খানের ‘ওম শান্তি ওম’-এ। সেখানে শাহরুখের সঙ্গে একটি ছোট্ট রোলে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। তবে মডেলিংই তাঁর আসল পেশা। একটি জুয়েলারি ব্র্যান্ডের প্রতিষ্ঠাতাও তিনি।