
মনোজ মিত্র
শেষ আপডেট: 23 September 2024 07:35
দ্য ওয়াল ব্যুরো: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন অভিনেতা মনোজ মিত্র। তাঁর অবস্থা সঙ্কটজনক বলে খবর। কলকাতারই এক বেসরকারি হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন তিনি। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত একাধিক সমস্যায় ভুগছেন মনোজ। তবে রবিবার বিকেলে শারীরিক অবস্থা আরও খারাপ হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতেই হয়েছে।
বাংলা থিয়েটার ও চলচ্চিত্র জগতের কিংবদন্তি শিল্পীর হৃদযন্ত্রের সমস্যা রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এছাড়াও অনিয়ন্ত্রিত রক্তচাপ, ক্রিয়েটিনিন এবং সোডিয়াম-পটাশিয়াম সমস্যাতেও ভুগছেন তিনি। তবে বর্তমানে তিনি ভেন্টিলেশনে আছেন কিনা তা নিশ্চিত করা সম্ভব হয়নি। আপাতত তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।
শুধু সিনেমা জগতে তাঁর খ্যাতি ছিল এমনটা নয়। মনোজ মিত্র দাপটের সঙ্গে কাজ করেছেন সিরিয়াল, নাট্যমঞ্চেও। যদিও বিগত কয়েক বছর ধরেই তিনি সিনেজগত থেকে দূরে। ৮৫ বছর বয়সি এই অভিনেতা অবশ্য নিজের লেখালেখি চালিয়ে যাচ্ছিলেন। তবে এই মুহূর্তে তাঁকে নিয়ে স্বাভাবিকভাবেই চিন্তায় রয়েছে পরিবার।
মনোজ মিত্র নিজের অভিনয় জীবনে তপন সিনহা, সত্যজিৎ রায়, বুদ্ধদেব দাশগুপ্ত, বাসু চ্যাটার্জি, তরুণ মজুমদার, শক্তি সামন্ত, গৌতম ঘোষের মতো পরিচালকের সঙ্গে কাজ করেছেন। শ্রেষ্ঠ নাট্যকারের জন্য পেয়েছেন একাধিক পুরস্কার। তাঁর অভিনীত ‘বাঞ্ছারামের বাগান’, ‘আদর্শ হিন্দু হোটেল’ আজও মুগ্ধ করে সিনেপ্রেমীদের।