1.webp)
সাংসদ লিখেছেন, কিছুদিন আগে ঘর পরিষ্কার করার সময় তাঁর স্ট্রোক হয়।
শেষ আপডেট: 9 November 2024 15:02
দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী তথা হিমাচল প্রদেশের মান্ডির বিজেপি সাংসদ কঙ্গনা রনৌতের দিদিমা প্রয়াত। বয়স হয়েছিল শতবর্ষের বেশি। শনিবার ইনস্টাগ্রামে দিদিমার সঙ্গে অসংখ্য ছবি পোস্ট করে কঙ্গনা দিদিমার মৃত্যুতে শোকপ্রকাশ করেন। তাঁর মায়ের মা ইন্দ্রানী ঠাকুর শুক্রবার রাতে বার্ধক্যজনিত কারণে মারা যান বলে সোশ্যাল মিডিয়ার পোস্টে লিখেছেন কঙ্গনা।
প্রথম ছবিতে দেখা গিয়েছে, কঙ্গনা তাঁর দিদার সঙ্গে বসে আছেন। দুজনেই খুব হাসছেন। হিন্দিতে অভিনেত্রী লিখেছেন, কাল রাত মেরি নানিজি ইন্দ্রানী ঠাকুরজি কা দেহান্ত হুয়া। সারা পরিবার শোক মে হ্যায়। কৃপয়া উনকে লিয়ে প্রার্থনা করে।
আরেকটি ছবিতে ইংরেজিতে লিখেছেন, আমার নানি ছিলেন দারুণ মহিলা। পাঁচ বাচ্চার জননী। সামান্য আয়ে তিনি তাঁর ছেলেমেয়েদের উচ্চশিক্ষা দিয়েছেন। বিয়ের পরেও মেয়েদের সবসময় বলতেন কাজ করো, নিজের ক্যারিয়ার নিজে গড়ো। তাঁর মেয়েরা সরকারি চাকরি পেয়েছিলেন, যা সেই সময়ে খুবই ব্যতিক্রমী বলা যায়। তাঁর পাঁচ সন্তানই নিজের নিজের ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত হয়েছেন যা নিয়ে তিনি খুবই গর্বিত ছিলেন।
ইন্দ্রানী ঠাকুরের সঙ্গে আরেকটি ফটো দিয়ে কঙ্গনা লিখেছেন, নানিজির কাছ শিখে আমরা অনেক কিছু শিখেছি। আমাদের উপর তাঁর ঋণ শোধ করার নয়। আমি অনেকটাই নানিজির মতো। নানিজি ছিলেন ৫ ফুট ৮ ইঞ্চি লম্বা। পাহাড়ি মহিলাদের মধ্যে যা প্রায় বিরল। আমিও ওনার মতো উচ্চতা, স্বাস্থ্য এবং শারীরিক সক্ষমতা পেয়েছি। ১০০ বছর বয়স হয়ে গেলেও নিজের সব কাজ নিজেই করতেন।
শেষ ছবিতে কঙ্গনাকে দেখা যাচ্ছে নানির পাশে খাটে বসে আছেন। নানির কপালে কপাল ঠেকিয়ে আদর করা ভঙ্গিতে রয়েছেন। সাংসদ লিখেছেন, কিছুদিন আগে ঘর পরিষ্কার করার সময় তাঁর স্ট্রোক হয়। তারপর থেকেই শয্যাশায়ী হয়ে পড়েছিলেন। তাঁকে ওই অবস্থায় দেখা খুবই কঠিন ছিল। উনি চিরকাল আমাদের ডিএনএ-তে থাকবেন। তাঁকে চিরকাল মনে থাকবে।