
শেষ আপডেট: 30 April 2023 13:37
সঞ্চারী চট্টোপাধ্যায়
ছবি হোক বা ধারাবাহিক, ভিএফএক্স ব্যবহার হয় সব ক্ষেত্রেই। আর এই ভিএফএক্স শব্দটা এখন সকলেই জানেন। কিন্তু এই ভিএফএক্স এর কেরিয়ার সম্ভাবনা কেমন? আদৌ কি কলকাতায় থেকে উন্নতমানের ভিএফএক্স শিল্পী (VFX artist) হওয়া সম্ভব? এই সমস্ত প্রশ্ন নিয়ে দ্য ওয়াল-এর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল আন্তর্জাতিক ভিএফএক্স শিল্পী অভিষেক ঘড়ুইএর (Abhishek Ghorui international VFX artist) সঙ্গে। 'লাইফ অফ পাই'-এর মতো অস্কারজয়ী ছবির ভিএফএক্স টিমেও ছিলেন এই অভিষেক। বর্তমানে তিনি এই শহরের বুকেই কাজ শুরু করেছেন এই নিয়ে, খুলেছেন নিজের স্টুডিও। নতুন প্রজন্মকে দেখাচ্ছেন এক নতুন কাজের দিশা।
আচ্ছা, এই ভিএফএক্স ব্যাপারটা আসলে কী বলুন তো?
আসলে ভিস্যুয়াল এফেক্টসকেই সংক্ষেপে ভিএফএক্স বলে। সোজা কথায় বলতে গেলে পর্দায় আমরা যা দেখছি সেটার অভিজ্ঞতা যাতে আরও একটু সুন্দর হয় সেটা নিশ্চিত করতেই ভিএফএক্স এর প্রয়োগ করা হয়।
আপনার ভিএফএক্সের কাজের শুরুটা কীভাবে?
আমার ছবি আঁকা বা অ্যানিমেশন বেশ ভাল লাগতো। প্রথমে কলকাতাতেই একটি সংস্থায় অ্যানিমেশন শেখা শুরু। তারপর মনে হল এটা নিয়ে সিরিয়াস কিছু করতে হবে। তখন বেঙ্গালুরু চলে গেলাম।
আপনি তো দীর্ঘদিন অন্য শহরে ভিএফএক্স-এর কাজ করেছেন। হঠাৎ কলকাতায় ফিরলেন কেন?
আসলে অন্য শহরে আছি বা বাইরে আছি এই কথাগুলো শুনতেই ভাল লাগে। অন্য শহরে থাকার যে খরচ তা অনেকটাই বেশি। তাছাড়া বাড়িতে কোনও বিপদ-আপদ হলে সঙ্গে সঙ্গে আসাও কঠিন। সব মিলিয়েই বিদেশে বা অন্য শহরে থাকতে আর ভাল লাগছিল না।
আপনি তো লাইফ অফ পাই, জাঙ্গল বুক এই ধরনের ছবিগুলির ভিএফএক্স টিমের সঙ্গে যুক্ত ছিলেন, তাই না?
হ্যাঁ লাইফ অফ পাই-এর ভিএফএক্সের কাজ যে কোম্পানি করেছিল আমি সেই সময়ে সেই কোম্পানিতে চাকরি করতাম। এরপর লাইফ অফ পাই যখন অস্কার পায় তখন সেই অস্কারটা আমি হাতে নিয়ে দেখেছিলাম। দারুণ লেগেছিল ওই পুরস্কারটা ছুঁয়ে দেখতে পেরে। আমার একটা স্বপ্নও জন্ম নিয়েছিল ওই দিনই।
কী স্বপ্ন?
কলকাতায় তো একবারই সত্যজিৎ রায়ের দৌলতে অস্কার এসেছিল। আমি চাই একটা এমন ছবি বানাতে, যে ছবির ভিএফএক্সের জন্য কলকাতায় আবারও অস্কার আসবে।
অস্কার, গ্র্যামি, বাফটা এই পুরস্কারগুলির পোস্ট প্রোডাকশন টিমের সঙ্গেও তো আপনি যুক্ত থেকেছেন। সেই অভিজ্ঞতা কেমন?
খুবই ভাল অভিজ্ঞতা। আসলে আমি তো বিভিন্ন টিমের সঙ্গে কাজ করেছি, আমি খুবই লাকি যে এই অনুষ্ঠানগুলির পোস্ট প্রোডাকশন টিমের সঙ্গে আমি যুক্ত থাকতে পেরেছি।
আপনি তো কলকাতায় ভিএফএক্সের নতুন সংস্থা খুলছেন। সেখানকার ছাত্ররা বিশেষ কী কী সুবিধা পেতে চলেছে?
কলকাতায় বেসিক ভিএফএক্স শেখার পর থেকেই ছাত্ররা বুঝতে পারে না নিজেদের কেরিয়ারটাকে কীভাবে এগিয়ে নিয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের সংস্থা ক্যাম্পাসিংয়ের ব্যবস্থা করবে, যাতে ভাল ভাল বিদেশি কোম্পানিগুলোতে আমাদের ছাত্ররা কাজ করার সুযোগ পায়।
কলকাতার ধারাবাহিক বা ছবির ভিএফএক্সের গুণগত মান অন্যান্য ভাষার কাজের তুলনায় দুর্বলই বলা চলে। এর কী কারণ মনে হয় আপনার?
কথাটা পুরোপুরি ঠিক নয়। টাকা এবং ভাল কাজের সুযোগ আমাদের ইন্ডাস্ট্রিতেও আছে। কিন্তু রাজনীতি অনেক সময়ই অনেক কিছুকে আটকে দেয়। আমি চেষ্টা করব আমার সংস্থার ছাত্রদের দিয়ে নতুন কোনও ভাল কাজ উপহার দিতে।
অভিষেকের সঙ্গে ছোট্ট আড্ডার এখানেই শেষ। তাঁর নতুন সংস্থা 'টোয়াইলাইট পোস্ট' ইতিমধ্যেই পথ চলা শুরু করেছে। দ্য ওয়াল-এর পক্ষ থেকে অভিষেককে অনেক শুভকামনা রইল আগামীর জন্য।