
শেষ আপডেট: 22 April 2023 16:18
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে প্রকাশ্যে এল 'আবার বিবাহ অভিযান'-এর ট্রেলার (trailer)। দর্শকদের দমফাটা হাসিতে হল কাঁপাতে আবার নতুন অভিযান শুরু করলেন অনুপম, রজত ও গণশা। ২০১৯ সালে 'বিবাহ অভিযান' বেরোনোর পর থেকেই অনেকে চাইছিলেন ছবির দ্বিতীয় ভাগ আসুক। অবশেষে চারবছরের মাথায় তা আসতে চলেছে। আগামী ২৫ মে, জামাইষষ্ঠীর ছুটিতে বড়পর্দায় মুক্তি পাচ্ছে এই ছবিটি।
প্রথম ভাগের মতো এবারও পুরনো নায়করাই রয়েছেন ছবিতে। অনুপমের চরিত্রে অঙ্কুশ, রজতের চরিত্রে রুদ্রনীল এবং গণশার ভূমিকায় অনির্বাণ ভট্টাচার্যই থাকছেন। অন্যদিকে নায়িকারাও একই, অর্থাৎ নুসরত ফারিয়া, সোহিনী সরকার এবং প্রিয়াঙ্কা সরকার। তবে এবার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন সৌরভ দাস। 'মন্টু পাইলট', 'চরিত্রহীন ২'-র মতো ওয়েব সিরিজের সৌজন্যে যিনি দর্শকমহলে বেশ পরিচিত একটি নাম।
গত নভেম্বরে শ্যুটিং শুরুর পর থেকেই অপেক্ষায় ছিলেন দর্শকরা। অবশেষে পাঁচমাস পর শনিবার প্রকাশ্যে এল ছবির ট্রেলার। যা দেখার পর একথা স্পষ্ট করে বলা যায় যে, 'বিবাহ অভিযান'-এর থেকে 'আবার বিবাহ অভিযান' ছবিতে দর্শক দ্বিগুণ মজা পেতে চলেছে। এই ছবিটি পরিচালনা করেছেন সৌমিক হালদার। শনিবার সিনেমার প্রযোজনা সংস্থা 'এসভিএফ'-এর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ট্রেলারটি লঞ্চ করা হয়।
গতবার অফিসের নাম করে পাহাড় ঘুরতে গিয়ে ডাকাত সর্দার গণশার দলবলের কবলে পড়েছিলেন ছবির দুই চরিত্র অনুপম ও রজত। সেই নিয়েই এগিয়েছিল 'বিবাহ অভিযান'-এর গল্প। আর এবার থাইল্যান্ডের প্রেক্ষাপটে তৈরি হয়েছে 'আবার বিবাহ অভিযান' (Abar Bibaho Obhijaan)। এবারও ছবিতে দেখা যাবে, বৌদের লুকিয়ে বিদেশ বেড়াতে গিয়ে নানাভাবে ঝামেলায় জড়িয়ে পড়ছেন অনুপম, রজত ও গণশা। সেখানে তাঁদের বাঁচাতে ছুটে আসেন স্ত্রী'রা। এরপর কীভাবে সব সমস্যার সমাধান হয়, তার উত্তর মিলবে সিনেমাতেই।
শ্যুটিং সেটে সলমনের সুখটান! টাইগারের গোপন ভিডিও ফাঁস ইন্টারনেটে