
কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে নজর কেড়েছেন অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন
শেষ আপডেট: 17 May 2024 19:38
দ্য ওয়াল ব্যুরো: বিগত বেশ কয়েক বছর ধরে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে নজর কেড়েছেন অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন। তিনিই একমাত্র ভারতীয় নায়িকা, যাকে ধারাবাহিকভাবে কানের মঞ্চে দেখা গেছে। এবছরও সেই দৃশ্যের নড়চড় হয়নি। ব্যক্তিগত জীবনে যতই ঝড়ঝাপটা আসুক না কেন, কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে তার কোনও প্রভাবই পড়তে দেননি অভিনেত্রী। এমনকী ভাঙা হাতে প্লাস্টার নিয়েই লাল গালিচায় হেঁটে সকলকে তাক লাগলেন তিনি। আর মায়ের ছায়াসঙ্গী হয়ে রইলেন কন্যা আরাধ্যা।
বৃহস্পতিবার ২০২৪ এর কান চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড ঐশ্বর্যারাই বচ্চন। প্রতিবারই রাইসুন্দরীর সাজ কেমন হল, তা নিয়ে অনুরাগীদের আগ্রহ থাকে। এবারও তাঁর ফ্যাশন, পোশাকে মুগ্ধ হন সকলে। তবে এসবের মাঝেই দর্শকের চোখ যায় তাঁর ডান হাতের দিকে। সেই হাতে চোট নিয়েই যে কানের মঞ্চে হাজির হয়েছিলেন অভিনেত্রী। যদিও এতে তাঁর আত্মবিশ্বাস নষ্ট হয়নি এতটুকুও। পেশাদারিত্বের প্রসংশাও কুড়িয়েছেন বচ্চন বধূ।
এর আগেও মেয়েকে সঙ্গে নিয়ে ঐশ্বর্যকে কান চলচ্চিত্র উৎসবে হাজির হতে দেখা গেছে। তবে এবার শুধু সফরসঙ্গী নয়, মায়ের হাতে যাতে কষ্ট না হয়, সমসময়েই সেদিকে খেয়াল রাখে আরাধ্যা। হোটেল থেকে বেরিয়ে আসার সময়ে আরাধ্যা বচ্চন হাত ধরেন ঐশ্বর্যার। অভিনেত্রীর সুদীর্ঘ পোশাক পরিচালনাতেও সাহায্য করে কন্যা।
কানের মঞ্চে এবার পোশাকশিল্পী ফাল্গুনী শেন পিককের তৈরি করা কালো রঙের ‘করসেট’ গাউন পরেছিলেন ঐশ্বর্য। দীর্ঘ পোশাকটি বহন করার জন্য একাধিক লোক থাকলেও আরাধ্যা নিয়েছিল গুরুদায়িত্ব। মাকে যত্ন সহকারে সিঁড়ি দিয়ে ধরে ধরে নামায় সে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় নেয়নি। আরাধ্যা বচ্চনকে খুব একটা ক্যামেরার সামনে দেখা যায় না, তবে এবার পাপারাৎজ্জিদের ক্যামেরায় উঠে এল তার সাবলীল শরীরীভঙ্গি। মা-মেয়ের রসায়নও চোখ টেনেছে সকলের।
২০০২ সালে সোনার শাড়ি এবং ভারী সোনার গহনা পরে ঐশ্বর্য আত্মপ্রকাশ করেছিলেন কানের রেড কার্পেটে। আর তারপর থেকে ধারাবাহিকভাবেই তাঁকে দেখা যায় এই বিশ্বখ্যাত ফিল্ম ফেস্টিভালে। গত কয়েক বছরে লোরিয়াল প্যারিসের অন্যতম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে উপস্থিত হয়েছেন অভিনেত্রী।