
শেষ আপডেট: 22 March 2019 17:00
মধুরিমা রায়
লস অ্যাঞ্জেলসে রিইউনিয়নের গল্প জমে গেল। কলকাতার বন্ধুরা মেতে উঠলেন সেখানে। ভ্রমণের গল্প, আড্ডার মেজাজ টার্ন নিল থ্রিলারে। বন্ধুরা---- ঋষি কৌশিক, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, গীতশ্রী রায়, দেবশ্রী রায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়। এঁদের সঙ্গে যোগ দেন দেব বিশ্বাস, স্বাগত ঘোষ, অস্মিতা ভাদুড়ি, উজ্জ্বল চ্যাটার্জি, অর্পিতা মুখার্জি, পলি চ্যাটার্জি । পরিষ্কার করে বললে, গোটা একটা বাংলা ছবি তৈরি হল আমেরিকায়। প্রবাসী বাঙালি প্রযোজক রূপক চ্যাটার্জীর ব্রেন চাইল্ড এই ছবিটি। গল্পটির চিত্রনাট্য কৌশানী মিত্রের। আর দ্বিতীয়বার সিলভার স্ক্রিনের জন্য পরিচালনার দায়িত্বে দেবপ্রতিম দাশগুপ্ত। আমেরিকায় তৈরি বিদেশের ছবি। নিখাদ বাংলা ভাষার ছবি ‘আর একটা রূপকথা’।
‘আর একটা রূপকথা’ লস অ্যাঞ্জেলস ও লাসভেগাসেও মিলিয়ে ১৫-২০ দিনের শুটিং হয়েছে। ছবিতে বেশ কিছু প্রবাসী বাঙালি ছাড়াও ছিলেন রাশিয়ার কলাকুশলীরাও। ২৭ শে জুলাই আমেরিকায় মুক্তি পাবে এই ছবি। পরে ভারতে মুক্তি পাবে এটি।
সঙ্গীত পরিচালনা করেছেন রীত। গেয়েছেন ইমন, রূপঙ্কর,জোজো, পলি চ্যাটার্জী,স্যমন্তকরা। ছবির চিত্রগ্রহণ দিমিত্রি পোপভের, জন্মসূত্রে রাশিয়ান তিনি কিন্তু আমেরিকার নাগরিক। ছবির চিত্রগ্রাহক থেকে যাবতীয় কলাকুশলী আমেরিকান। তার সঙ্গে ছবির অভিনেতা-অভিনেত্রীর তালিকার একটা বড় অংশও আমেরিকার। চ্যাটার্জি প্রোডাকশনের এই ছবির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে এখন।
https://youtu.be/1oGlouA5Ux8
দেবপ্রতিম বলছেন “এই ছবির প্রযোজক রূপক চ্যাটার্জি আমেরিকারই নাগরিক । তাঁর অনেকদিনের স্বপ্ন ছিল একটা বাংলা ছবি তৈরি করা। গল্পের মূল ভাবনাও তাঁর। আর চিত্রনাট্য লিখেছেন কৌশানী মিত্র। পরবর্তী সময়ে সেই গল্পের কিছুটা পরিমার্জন করি আমি। বাংলা ভাষায় তৈরি এই ছবি একেবারেই যে কলকাতার ছবি তা কিন্তু নয়। ছবির নায়ক নায়িকার ব্যাকগ্রাউণ্ড বিদেশের, যা দর্শককে আকৃষ্ট করতে পারে। বিদেশে অনেক ছবির এক দুটো গান শুট হয়েছে আগে অনেকবারই। কিন্তু আমেরিকায় তৈরি বাংলা ছবি এভাবে আগে হয়নি। আর বিদেশের মানুষ যখন ছবি বানাচ্ছেন বাংলার মানুষজনকে নিয়ে, এটা তো আমাদের বাংলা ছবির জন্য ভালো। ”
এর আগে তাঁত শিল্পীদের প্রতিদিনের জীবন যন্ত্রণার ছবি বানিয়েছিলেন দেবপ্রতিম, যাঁকে তাজু বলেই সকলেই জানেন। এবার রহস্যের ছবি তাঁর পরিচালনায়। গল্পে রি-ইউনিয়নে সবাই একজায়গায় জড়ো হয় আনন্দ আর হৈ হৈ করতে। সেখানেই প্রত্যেকে মুখোমুখি হয় আয়নার। আর সেখানেই আঁচ পড়ে রহস্যের। ফলে নিছক রি-ইউনিয়ন না হয়ে গল্প পৌঁছে যায় অন্য মাত্রায়। এখন দেখার দর্শকদের কতটা মনে ধরে আমেরিকায় বানানো ‘আর একটা রূপকথা’।