
শেষ আপডেট: 28 March 2023 11:36
দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) ও আপ সাংসদ রাঘব চাড়া (Raghav Chadha)-র সম্পর্কের গুঞ্জন আরও উস্কে দিলেন আর এক আপ সাংসদ (AAP MP) সঞ্জীব অরোরা। দু'জনের ছবি টুইটারে পোস্ট করে শুভেচ্ছা জানালেন তিনি। তাঁর এই টুইট দু'জনের সম্পর্কে যে শিলমোহর দিয়ে দিল, এমনটাই মনে করছেন নেটিজেনরা।
আপ সাংসদ সঞ্জীব অরোরা এদিন নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন, "আমি রাঘব চাড়া ও পরিণীতি চোপড়াকে আমার মনের অন্তর থেকে অভিনন্দন জানাচ্ছি। দু'জনের বন্ধন ভালবাসা, আনন্দে ভরে উঠুক। আমার শুভেচ্ছা রইল।" ইতিমধ্যে বহু মানুষ সেই টুইটটি রিটুইট করে দু'জনকে শুভেচ্ছা জানিয়েছেন। যদিও এই বিষয়ে এখনও মুখ খোলেননি পরিণীতি-রাঘব।
উল্লেখ্য, মুম্বইয়ের একাধিক রেস্তোরাঁয় দু'জনকে মধ্যাহ্নভোজ সারতে দেখা গিয়েছে। সূত্রের খবর, বহু পার্টিতেও প্রায়ই একসঙ্গে দেখা যাচ্ছে পরিণীতি এবং রাঘবকে। ফলে খুব সহজেই দুয়ে দুয়ে চার করে নিচ্ছেন অনেকে। তবে পরিণীতি এবং রাঘব বহুদিন ধরেই একে অপরকে চেনেন বলে খবর। দু’জনেরই সম্পর্কের মূল ভিত্তি বেড়ানো আর খাওয়াদাওয়া। তাই একসঙ্গে প্রায়ই বেরিয়ে পড়েন অভিনেত্রী এবং সাংসদ।
পরিণীতি ও রাঘবের চার হাত এক হবে কিনা তা সময়ই বলবে। তবে বিয়ে নিয়ে বরাবরই সদর্থক জবাব পাওয়া গিয়েছে অভিনেত্রীর মুখে। মনের মানুষ পেলেই তাঁর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসে পড়তে চান, এমনই জানিয়েছেন পরিণীতি। এখন দেখার যে, প্রেমের ফুল সত্যিই ফোটে কিনা।
প্রেমে পড়েছেন পরিণীতি চোপড়া! আপ সাংসদই কী ‘টুরু লাভ’ প্রিয়াঙ্কার বোনের