
শেষ আপডেট: 23 August 2022 13:46
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ ৪ বছর পর বড়পর্দাতে ফিরেও নিজের ক্যারিশমা ছড়াতে চূড়ান্ত ব্যর্থ আমির খান (Aamir Khan)। বক্স অফিসে রীতিমতো মুখ থুবড়ে পড়েছে তাঁর ছবি ‘লাল সিং চাড্ডা’ (Laal Singh Chaddha)। সূত্রের খবর, এই সপ্তাহেই সিনেমা হল থেকে উঠে যেতে পারে ছবিটি। যদিও নির্মাতারা দাবি করছেন, এখনও পর্যন্ত লোকসানের মুখ দেখেনি ছবিটি।
কিন্তু এরমধ্যেই আরও বড় সমস্যায় পড়েছেন আমির। জানা গেছে, কোনও বড় ওটিটি (OTT) সংস্থাই ‘লাল সিং চাড্ডা’র কপিরাইট কিনতে চাইছে না। বহুবার মিটিং করার পরেও নাকি কোনও ওটিটি সংস্থাকেই রাজি করাতে পারেননি আমির খান।
প্রথমে মনে করা হচ্ছিল, শুরু থেকেই একাধিক বিতর্কের সম্মুখীন হওয়ার কারণেই বোধহয় ওটিটিতে সুযোগ পাচ্ছে না ‘লাল সিং চাড্ডা’। তবে নতুন পাওয়া খবর অনুযায়ী, কোনও বিতর্ক নয়, বরং আমিরের চাহিদা দেখেই পিছু হাঁটছে ওটিটি সংস্থাগুলি।
এই যেমন, নেটফ্লিক্সের কাছে ‘লাল সিং চাড্ডা’র কপিরাইট বিক্রি করার জন্য ১৫০ কোটি টাকা দাবি করেছিলেন আমির। একইসঙ্গে তাঁর শর্ত, প্রেক্ষাগৃহে মুক্তির অন্তত ৬ মাস পরে যেন ওটিটিতে রিলিজ হয় এই ছবি। কিন্তু আমিরের এই শর্ত ও দাবি মানতে একেবারেই নারাজ নেটফ্লিক্স। শোনা যাচ্ছে, সেই কারণেই আমিরের এই ছবি কেনা থেকে পিছিয়ে গিয়েছে সংস্থাটি।
বক্স অফিসে লজ্জার পারফরম্যান্স ‘লাল সিং চাড্ডা’র, শুক্রবারের পর্দায় আমির থাকবেন তো!
প্রসঙ্গত উল্লেখ্য, গত ১১ অগস্ট রাখীবন্ধনের দিন মুক্তি পেয়েছিল ‘লাল সিং চাড্ডা‘। গত ১১-১২ দিনে ছবির ব্যবসার যা হাল, এরকম পরিস্থিতিতে হয়ত বহুদিন পড়েননি আমির খান। মাঝে এমনও শোনা গিয়েছিল যে, দর্শক কম থাকায় বেশ কিছু সিনেমা হলে নাকি শো বাতিল করে দেওয়া হয়েছে। তবে এখন যা পরিস্থিতি, তাতে আগামী শুক্রবারের পর সিনেমাহল থেকে 'লাল সিং চাড্ডা' উঠে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।