
আমির খান
শেষ আপডেট: 5 May 2025 12:56
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ ১৮ বছর পর হল সিক্যুয়েল! বড় পর্দায় ফিরছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। তাঁর পরবর্তী ছবি ‘সিতারে জামিন পর’ ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দর্শকদের উত্তেজনা। জনপ্রিয় ছবি তারে জমিন পর-এর আবেগকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই তৈরি হচ্ছে এই ছবি।
চলতি বছরের প্রজাতন্ত্র দিবসে ভাদোদরার স্ট্যাচু অফ ইউনিটির সামনে দাঁড়িয়ে এই ছবি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছিলেন আমির। তখনই জানিয়ে দেন, ছবির ক্লাইম্যাক্সের শুটিং হয়েছে ভাদোদরাতেই। সেই ঘোষণা শুনেই দর্শক মহলে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাসের সঞ্চার।
আমির বলেন, “এই ছবিতে আমি মুখ্য চরিত্রে অভিনয় করছি। ‘সিতারে জামিন পর’ আমার পছন্দের গল্পের উপর ভিত্তি করে তৈরি। ছবির শুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে।”
তবে চমক এখানেই শেষ নয়। ৫ই মে প্রকাশ্যে এল ছবির প্রথম পোস্টার। এক ঝলকেই নজর কাড়ল দর্শকদের। পোস্টারে একদিকে এক তরুণ আমির, যার চেহারায় মিল রয়েছে তারে জমিন পর-এর রাম শঙ্কর নিকুম্ভর সঙ্গে। অন্যদিকে, আরেকটি ছবিতে দেখা যাচ্ছে আমিরকে মাথায় হাত দিয়ে বসে থাকতে, পাশে রয়েছেন বিশেষভাবে সক্ষম মানুষরা। পোস্টারে লেখা, "সবকা আপনা আপনা নর্মাল" — যা ছবির ভাবনার দিকটি স্পষ্ট করে দেয়।
প্রথমে ছবিটি ৩০ মে মুক্তি পাওয়ার কথা থাকলেও, কিছুটা দেরিতে এখন এটি মুক্তি পাবে ২০ জুন।
পরিচালনায় রয়েছেন আরএস প্রসন্ন, গল্প লিখেছেন দিব্য নিধি শর্মা, আর সুরের জাদুতে থাকছেন শঙ্কর-এহসান-লয়।
এক অন্যরকম মানবিক গল্প নিয়ে পর্দায় আসতে চলেছে ‘সিতারে জামিন পর’। এবারও কি দর্শকদের মন জিতে নেবেন আমির?