
শেষ আপডেট: 8 November 2023 23:00
দ্য ওয়াল ব্যুরো: নয়ের দশকে দুজনেরই উত্থান বলিউডে। মাত্র কয়েকবছরে রাতারাতি স্টার বনে যান দুই অভিনেতাই। আর সেসময় শুধু সিনেমা নয়, তাদের টক্কর চলত বিজ্ঞাপনে কাজ করা নিয়েও। প্রথমজন আমির খান, আর দ্বিতীয়জন শাহরুখ। কেমন সেই টক্কর? জানা যায়, আমির যেই বিজ্ঞাপনে কাজের জন্য ২৫ লক্ষ টাকা দাবি করেছিলেন, শাহরুখ সেই একই বিজ্ঞাপন করতে চেয়েছিলেন মাত্র ৬ লাখ টাকায়। এমনই গল্প শোনালেন মুম্বইয়ের একসময়ের নামী বিজ্ঞাপন নির্মাতা প্রহ্লাদ কক্কর।
প্রহ্লাদ জানিয়েছেন, নয়ের দশকে একসময় তিনি আমির খানকে নিয়ে একটি ঠান্ডা পানীয়র বিজ্ঞাপন বানাতে প্রস্তাব দেন। তার জন্য অভিনেতা ২৫ লাখ টাকা চেয়েছিলেন। তৎকালীন সময়ে অত পরিমাণ টাকা শুনে স্বাভাবিকভাবেই নির্মাতারা একটু পিছিয়ে এসেছিলেন। এমন সময়েই শাহরুখও জানতে পারেন এই বিজ্ঞাপনের কথা। তিনি নিজেই এগিয়ে আসেন
বিজ্ঞাপনটিতে অভিনয়ের জন্য। বদলে চেয়েছিলেন মাত্র ৬ লক্ষ। যেখানে দু'জনেই তখন সুপারস্টার এবং একে অপরের প্রবল
প্রতিদ্বন্দ্বী, সেখানে শাহরুখ কেন এত কম টাকা চেয়েছিলেন?
প্রশ্নের জবাবে বিজ্ঞাপন নির্মাতা প্রহ্লাদ বলেন, "সেসময় শাহরুখ তাঁর পরিবারকে নিয়ে মুম্বইয়ের একটি ভাড়া বাড়িতে থাকত। তখন ও সিনেমায় অভিনয় করে ধীরে ধীরে টাকা জমাচ্ছিল একটা বাড়ি কেনার জন্য। তাই ওইসময় ৬ লাখ টাকাও শাহরুখের কাছে অনেক ছিল। তাই অল্প টাকাতেই কাজ করতে রাজি হয়ে গিয়েছিল শাহরুখ।" যদিও শেষ অবধি আমিরকে নিয়েই ওই বিজ্ঞাপনটি বানিয়েছিলেন প্রহ্লাদ। তবে শাহরুখের কাজের প্রতি দায়বদ্ধতাও তাঁকে মুগ্ধ করেছিল। তাই এর পরপরই শাহরুখকে নিয়ে আলাদা একটি বিজ্ঞাপন বানান তিনি। এবং সেই কাজের জন্য ৬ লাখের থেকে বেশি টাকাই পারিশ্রমিক পেয়েছিলেন।