
শিবপ্রসাদ নন্দিতা
শেষ আপডেট: 4 April 2025 19:19
দ্য ওয়াল ব্যুরো: গতকাল সদ্য হয়ে গেল উইন্ডোজ-এর ‘আমার বস’ ছবির টিজার লঞ্চ অনুষ্ঠান। ছবির মুখ্য আকর্ষণ, বহু বছর পর বাংলা ছবিতে ফিরছেন রাখী গুলজার। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের হাত ধরেই আবার রাখী গুলজার ফিরছেন কলকাতার বঙ্গজীবনে।
সঙ্গে গতকাল অর্থাৎ ৩ এপ্রিল ছিল নন্দিতা রায়ের জন্মদিন। এই টিজার লঞ্চ অনুষ্ঠানটিকে শিবপ্রসাদ উৎসর্গ করলেন নন্দিতা রায়-কে।

শিবপ্রসাদ মুখোপাধ্যায় এদিন বলেন, ‘নতুন নতুন বিষয়, নতুন নতুন সিনেমা, আমরা আপনাদের সামনে নিয়ে আসি। প্রথম আমরা সোহিনী-সমদর্শী দত্তকে নিয়ে করি 'ইচ্ছে'। এরপর 'বেলা শেষে','বেলা শুরু','অলীক সুখ','রামধনু' একাধিক ছবি দর্শকদের উপহার দিয়েছি আমরা ও আমাদের 'উইন্ডোজ প্রোডাকশন'। গত বছর 'দাবাড়ু' বলে একটি সিনেমা আমরা প্রযোজনা করি পথিকৃৎ বসুর পরিচালনায়, যেটি ছিল ভারতবর্ষের প্রথম দাবা খেলা নিয়েই ছবি। পুজোর সময় আমরা নিয়ে এসছিলাম 'বহুরূপী'। এবার আমরা নিয়ে এলাম 'আমার বস'। 'আমার বস' ছবির পোস্টার আপনাদের সামনে এসছে, 'আমার বস' এর শ্যুটিংয়ের ঝলক আপনাদের সামনে এসছে আর এই ছবির মূল চমক রাখী গুলজার। আমাদের কাছে সেটা খুব গর্বের।
![]()
‘আমার বস’ টিজারে দেখা গেল টক্সিক বসকে। অভিনয়ে শিবপ্রসাদ। একেবারে যোগ্য হয়ে উঠেছেন চরিত্রে। বারবার বললেন, বার্থ ডে গার্ল নন্দিতা রায়ের কথা। শুধুমাত্র সিনেমাতেই নন্দিতা বস নয়, স্পষ্ট করলেন শিবপ্রসাদ। বললেন, ‘সঠিক চরিত্রে নিজেকে কী ভাবে এগিয়ে নিয়ে যাব, কঠিন কঠিন চরিত্র কী ভাবে করতে পারব সেই সুযোগও নন্দিতা রায় আমাকে শিখিয়ে দিয়েছেন। কাজেই সর্ব অর্থে নন্দিতা রায় আমার বস।’
প্রসঙ্গে উঠে এল শিবপ্রসাদের একেবারে চাকরিজীবনের প্রথম দিকও, পরিচালকের কথায়, ‘আমি জীবনে একবারই চাকরি করেছি একটি বেসরকারি টিভি চ্যানেলে। সেই চাকরি জীবনে আমারও বস ছিলেন নন্দিতা রায়। আমি এরকম মিষ্টি বস খুব কম পেয়েছি। ২৩,২৪ বছর বয়সে আমার প্রথম চাকরি করা। ওই বয়সে আমি খুব উদ্দাম ছিলাম। অনেক কিছু করব ভাবতাম কিন্তু সেসময় আমাকে শান্ত ভাবে সামলাতেন নন্দিতাদি। সবাই বলত শিবুকে কেউ যদি সামলাতে পারে সেটা নন্দিতা রায়। তিনি আমাদের বস। তিনি আমাদের সকলের দিদি-ও বটে। দিদি বললেই সব কিছু হয়ে যায়।’
শুধু তাই নয়, শিবপ্রসাদ ও উইন্ডোজ এরপর নন্দিতা রায়ের নানা মুহূর্ত দিয়ে একটি কোলাজ ভিডিও প্রদর্শন করেন। সেটিই ছিল প্রযোজনার সংস্থা উইন্ডোজের এ বছরের নন্দিতা রায়কে দেওয়া সেরা উপহার। 'রক্তবীজ','বেলা শেষে','বেলা শুরু'র শুটিংয়ের নানা ছবি, নন্দিতা রায়ের নানা আনকাট মুহূর্ত দেখিয়ে হয় জন্মদিন সেলিব্রেশন। নন্দিতা রায়ের স্বামী নীতিশ রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, জিনিয়া সেন, আবির চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে সকলে শুভেচ্ছা বার্তা পাঠান নন্দিতা রায়কে।