
শেষ আপডেট: 27 November 2022 13:31
দ্য ওয়াল ব্যুরো: গত রবিবার দুপুরে প্রয়াত হয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। এরমধ্যেই চোখের নিমেষে কেটে গিয়েছে একটা গোটা সপ্তাহ। এই সাতদিনে অনেক কিছু পাল্টে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় সেই উৎকণ্ঠা আর নেই, অনুরাগীদের ফিসফাস-গুঞ্জন নেই, হাসপাতালের নীচে মিডিয়ার ভিড় নেই, সর্বোপরি সব্যসাচীর (Sabyasachi Chowdhury) হাসপাতালে বিনিদ্র রজনীযাপন নেই।
ঐন্দ্রিলার বিদায়ের পর এভাবেই পারিপার্শ্বিক অনেক কিছু বদলে গিয়েছে। কিন্তু তাঁর পরিবারে কি সত্যিই কোনও বদল এসেছে? তাঁর কাছের মানুষগুলোর মধ্যে পরিবর্তন হয়েছে? উত্তর, না। বদল কিছুই আসেনি, বরং ঐন্দ্রিলার স্মৃতি আঁকড়েই প্রতিটা মুহূর্ত কাটাচ্ছেন তাঁর বাবা-মা, দিদি ও সব্যসাচী।
বোনের স্মৃতিতে প্রায় রোজই কিছু না কিছু সামাজিক মাধ্যমে পোস্ট করছেন দিদি ঐশ্বর্যা শর্মা। মেয়ে চলে যাওয়ার পর থেকে রোজই ঐন্দ্রিলা সম্পর্কিত কিছু না কিছু পোস্ট করছেন মা শিখা শর্মাও (Shikha Sharma)। আজ ঐন্দ্রিলার মৃত্যুর এক সপ্তাহ পর সব্যসাচী ও ঐন্দ্রিলার ছবি প্রথম শেয়ার করলেন তিনি।
ঐন্দ্রিলার দু'গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন সব্যসাচী। সেই ছবিটি নিয়েই বানানো হয়েছে রিল। সেই রিলটিই শেয়ার করেন ঐন্দ্রিলার মা। সঙ্গে ক্যাপশনে লেখেন, 'আমার সব্যর ঐন্দ্রিলা'। এছাড়াও, ঐন্দ্রিলার বহু পুরনো ছবি-ভিডিও রোজই শেয়ার করেন তিনি। এমনকী শিখাদেবী ফেসবুকে এটাও লিখেছেন যে, এখন এই পোস্টগুলোর স্মৃতি নিয়েই বেঁচে থাকতে হবে।
তবে ঐন্দ্রিলার প্রেমিক সব্যসাচী চৌধুরী এক সপ্তাহ পরেও সবকিছু থেকে দূরে রয়েছেন। ঐন্দ্রিলার মৃত্যুর পরেই তিনি ফেসবুক প্রোফাইল ডিঅ্যাক্টিভেট করে দেন। এই সাতদিনে একেবারে কাছের লোকজন ছাড়া আর কারও সঙ্গেই কোনওরকম যোগাযোগ করেননি তিনি। সব্যসাচীর ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা সৌরভ দাস জানিয়েছিলেন, 'ঐন্দ্রিলার মৃত্যুর পর সব্য পুরোপুরি ভেঙে পড়েছে। ওর একা থাকা প্রয়োজন। খুব শিগগিরই ও কাজে ফিরবে বলে আশা করছি। ওকে আগলে রাখতে হবে আমাদেরই।'
বলিউডে নক্ষত্র পতন! চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা বিক্রম গোখলে