সোমবার সকালে সন্তানের জন্ম দেন গায়িকা তথা জনপ্রতিনিধি অদিতি মুন্সী। বেশ কিছু দিন ধরেই মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন তিনি। কাজ থেকে সাময়িক বিরতি নিয়ে পরিবার ও আসন্ন মাতৃত্বের জন্য নিজেকে প্রস্তুত করছিলেন।

শেষ আপডেট: 11 January 2026 11:32
দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরের শুরুতেই সুখবর টলিপাড়া ও রাজনৈতিক মহলে। গায়িকা ও রাজারহাট গোপালপুরের বিধায়িকা অদিতি মুন্সী এবং তৃণমূল কংগ্রেসের পৌরপিতা দেবরাজ চক্রবর্তীর ঘরে এল নতুন সদস্য। পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অদিতি। মা ও সন্তান—দু’জনেই সুস্থ রয়েছেন বলে পরিবার সূত্রে খবর।
সোমবার সকালে সন্তানের জন্ম দেন গায়িকা তথা জনপ্রতিনিধি অদিতি মুন্সী। বেশ কিছু দিন ধরেই মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন তিনি। কাজ থেকে সাময়িক বিরতি নিয়ে পরিবার ও আসন্ন মাতৃত্বের জন্য নিজেকে প্রস্তুত করছিলেন। বছর শুরুর এই খুশির খবরে তাঁদের ঘনিষ্ঠ মহল, অনুরাগী ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের জোয়ার।
২০১৮ সালে তৃণমূল কংগ্রেস নেতা দেবরাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অদিতি মুন্সী। বিয়ের প্রায় সাত বছর পর জীবনের এক নতুন অধ্যায়ে পা রাখলেন এই দম্পতি। এতদিন দু’জনের সংসার, এ বার তা পূর্ণতা পেল নতুন অতিথির আগমনে। বাবা–মা হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করলেন অদিতি ও দেবরাজ।
অদিতি মুন্সী বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পী। টলিপাড়ায় তাঁর পরিচিতি গানের জগতে হলেও রাজনীতির ময়দানেও তিনি সমানভাবে সক্রিয়। বর্তমানে তিনি রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা হিসেবে দায়িত্ব পালন করছেন।
মাতৃত্বকালীন ছুটির আগে পর্যন্ত তিনি টেলিভিশনেও সক্রিয় ছিলেন। শেষবার তাঁকে দেখা গিয়েছিল জ়ি বাংলা সোনার চ্যানেলের একটি গানের রিয়্যালিটি শোয়ে বিচারকের ভূমিকায়। অন্যদিকে, দেবরাজ চক্রবর্তীও রাজনীতিতে পরিচিত মুখ। পৌরপিতা হিসেবে এলাকায় সংগঠনিক দায়িত্ব সামলানোর পাশাপাশি স্ত্রী অদিতির বিভিন্ন কাজে পাশে থেকেছেন বলেই জানা যায়। সন্তান জন্মের খবরে তাঁর ঘনিষ্ঠ মহলেও শুভেচ্ছার বন্যা।
নতুন ভূমিকায় অদিতি মুন্সী ও দেবরাজ চক্রবর্তীর জীবনে শুরু হল এক নতুন অধ্যায়। মা হওয়ার আনন্দের সঙ্গে দায়িত্বও যে বহুগুণ বেড়েছে, তা বলাই বাহুল্য। অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁদের জীবনের এই নতুন যাত্রাপথের জন্য শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।