বিয়ের অতিথি তালিকায় ছিলেন দিশা পাটানি ও মৌনি রায়। দু’জনেই সোশ্যাল মিডিয়ায় অনুষ্ঠানের নানা মুহূর্ত ভাগ করে নেন। একইসঙ্গে দেখা যায় কৃতি সাননের ঘনিষ্ঠ বন্ধু ও প্রযোজক-পরিচালকদেরও।

শেষ আপডেট: 11 January 2026 18:18
দ্য ওয়াল ব্যুরো: শনিবার রাজস্থানের উদয়পুরে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন নূপুর সানন ও জনপ্রিয় গায়ক স্টেবিন বেন। খ্রিস্টান রীতিতে আয়োজিত এই বিয়ের অনুষ্ঠান ছিল সম্পূর্ণ রূপে রোম্যান্টিক ও অভিজাত আবহে মোড়া। সাদা থিমে সাজানো ভেন্যু,আলো আর ফুলের সাজ, সব মিলিয়ে যেন রূপকথার মতোই এক মুহূর্তের সাক্ষী থাকলেন আমন্ত্রিত অতিথিরা।
বিয়ের পর প্রথমবারের মতো ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে স্টেবিন লেখেন, আমি ছিলাম। আমি আছি। আমি থাকব। সর্বদা এবং চিরকাল। (“I did. I DO. I will. Always and Forever”) পোস্টটি মুহূর্তের মধ্যেই অনুরাগীদের ভালোবাসায় ভরে ওঠে। বিয়ের দিন সন্ধ্যায় আয়োজন করা হয় এ ঝাঁ-চকচকে ককটেল পার্টির, যেখানে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রির একাধিক পরিচিত মুখ।
বিয়ের অতিথি তালিকায় ছিলেন দিশা পাটানি ও মৌনি রায়। দু’জনেই সোশ্যাল মিডিয়ায় অনুষ্ঠানের নানা মুহূর্ত ভাগ করে নেন। একইসঙ্গে দেখা যায় কৃতি সাননের ঘনিষ্ঠ বন্ধু ও প্রযোজক-পরিচালকদেরও। কৃতির নামের সঙ্গে যাঁর সম্পর্কের গুঞ্জন ছিল আলোচনার কেন্দ্রে, সেই কাবির বাহিয়াকেও দেখা গিয়েছে অনুষ্ঠানে।
বিয়ের অন্দরমহলের একাধিক ফ্রেম শেয়ার করেন সেলিব্রিটি ফ্যাশন স্টাইলিস্ট সুকৃতি গ্রোভা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খ্যাতনামা মেকআপ আর্টিস্ট আসিফ আহমেদও। এর আগে প্রি-ওয়েডিং অনুষ্ঠানগুলিও ছিল নজরকাড়া। পিঙ্ক থিমে সাজানো সঙ্গীত অনুষ্ঠানে নাচ-গানে মাতেন নূপুর, তাঁর দিদি কৃতি সানন ও ঘনিষ্ঠ বন্ধুরা। কৃতি ও তাঁর মায়ের একসঙ্গে নাচের ভিডিয়ো এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরা। পাশাপাশি কৃতি ও অভিনেতা বরুণ শর্মার প্রাণবন্ত নাচও দর্শকদের নজর কেড়েছে।
হলদি অনুষ্ঠানে বলিউডি গানের তালে ভেন্যুতে প্রবেশ করেন নূপুর ও স্টেবিন। নাচ, গান আর হাসি-আড্ডায় ভরে ওঠে পুরো অনুষ্ঠান। যদিও খ্রিস্টান রীতিতে বিয়ে সম্পন্ন হয়েছে, এখানেই শেষ নয় উদ্যাপন। রবিবার ঐতিহ্যবাহী হিন্দু রীতিতে ফের সাতপাকে বাঁধা পড়বেন নুপুর ও স্টেবিন। সেই অনুষ্ঠান নিয়েও অনুরাগীদের কৌতূহল তুঙ্গে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুভেচ্ছাবার্তায় ভেসে যাচ্ছে নবদম্পতি।