
শেষ আপডেট: 26 September 2024 19:48
দ্য ওয়াল ব্যুরো: দর্শকদের কাছে আজও জনপ্রিয় সিমি গারেওয়ালের সেলিব্রিটি টক শো। সেলেব থেকে স্পোর্টস পার্সন, বহু পরিচিত মানুষের অজানা গল্প উঠে এসেছে এই শোয়ের মাধ্যেমে। অনেকেই শেয়ার করেছেন মনের কথা। বহুদিন আগে সেই শো বন্ধ হয়ে গেলেও আজও মাঝেমধ্যে শোযের ছোটো ছোটো ক্লিপ শেয়ার করেন বর্ষীয়ান অভিনেত্রী। এমনই এক ভিডিও ক্লিপে এক অযাচিত অতিথির গল্প জানা যায়। বিনা নিমন্ত্রণেই যে চলে এসেছিল সোজাসুজি শোয়ে। তাও বিশ্ব সুন্দরীর সামনে।
সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন সিমি। ক্যাপশনে মজার ছলে লিখেছেন, 'স্টপ, কাট, আরেকজন অতিথি এসে গেছেন। তাও বিনা নিমন্ত্রণে।' ভিডিওতে তাঁর সামনে বসেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। কে এসেছিল ওই টক শোতে?
কোনও সেলেব বা কোনও মানুষ নয়। শোয়ের মাঝে ফ্লোরে চলে এসেছিল একটা আরশোলা। সাক্ষাৎকার শুরু করলেও আরশোলা দেখে রীতিমতো উত্তেজিত হয়ে পড়েছিলেন তিনি। আর আরশোলাও বিশ্ব সুন্দরীকে দেখে এক মিনিটও অপেক্ষা করেনি। সোজা তাঁর দিকেই হেঁটে যাচ্ছিলেন। যা দেখে রীতিমতো ঘাবরে যান শোয়ের সঞ্চালিকা সিমি। ঐশ্বর্যকে ইশারা করেও কাজ না হওয়ায় তিনি সোজাসুজি বলেন আরশোলার কথা।
ক্রু মেম্বারদের ডাকতে দেখা যায় দুজনকেই। সিমি বলেই ফেলেন, এই ফ্লোরে আরশোলা আগে কখনও দেখা যায়নি। যদিও ঐশ্বর্যকে একটুও বিচলিত হতে দেখা যায়নি। তিনি মজার ছলেই ক্রু মেম্বারদের সঙ্গে কথা বলছিলেন।
আরশোলা নিয়ে যাওয়ার টেকনিক নিয়েও মজা করেন বিশ্ব সুন্দরী। আরশোলাও খুশি খুশি বিদায় নেন।
এতদিন পর এই ভিডিও শেয়ার করে ঘটনার স্মৃতিচারণা করেন বর্ষীয়ান অভিনেত্রী।