
শেষ আপডেট: 29 December 2020 13:58
ধারাবাহিকের মূল চরিত্র নোয়া, একজন শিক্ষিত আর সাহসী মেয়ে। সে বুকের মধ্যে সর্বক্ষণ বয়ে বেড়ায় বড়দের দেওয়া মূল্যবোধ। নোয়া বিশ্বাস করে রক্তের সম্পর্কের বাইরের মানুষও আপনজন হতে পারে। সেই বিশ্বাস থেকেই এক ভেঙে যাওয়া পরিবারকে আবার এক করে তোলার সংকল্প নেয় সে। নোয়ার চরিত্রে অভিনয় করছেন ভার্সেটাইল অভিনেত্রী শ্রুতি দাস।
একুশ শতকে বেশিরভাগ মানুষই ভীষণ একা। পরিবারের মাটি ছেড়ে, দেশ ছেড়ে যে যার নিজের মতো দূরে দূরে সরে থাকে। পরিবারের প্রতি টান হারিয়ে ফেলে অনেকেই। আবার টান থাকা সত্ত্বেও নানা প্রতবন্ধকতায় আপনজনের কাছে ফিরতে পারেন না বহু মানুষ। এভাবেই ভেঙে যায় কত সাজানো সংসার। তিল তিল করে যাঁরা সংসার সাজান, তাঁদের মনের অবস্থা কেমন হয় তখন ভেবেছেন কখনও! জীবনের এই ভাঙা-গড়ার গল্পই শোনাবে 'দেশের মাটি'। জমজমাট থাসবুনোটের এই কাহিনি মানুষকে ভাবাবে, নস্টালজিক করে তুলবে।
অনেকদিন পর এই সিরিয়ালে দেখা যাবে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে। সিরিয়ালের অন্যতম এক মুখ্য চরিত্রে থাকবেন দিব্যজ্যোতি দত্ত। 'মুখার্জি পরিবার'-এর সবচেয়ে প্রবীণ সদস্যের ভূমিকায় দেখা যাবে অশোক ভট্টাচার্য এবং অনুসূয়া মজুমদারকে। অন্যদিকে বাংলা সিরিয়ালের অন্যতম জনপ্রিয় অভিনেতা ভরত কল, রুম্পা রয়, তথাগত মুখার্জি এবং আরও অনেককে দেখা যাবে এই সিরিয়ালে।
স্টার জলসার মুখপাত্র এই সিরিয়াল সম্পর্কে জানিয়েছেন, "বাংলার পুরনো সংস্কৃতি, আবহকে বরাবর স্টার জলসা তুলে ধরার চেষ্টা করেছে। আজকের যুগে দাঁড়িয়ে পরিবারের গুরুত্ব কতটা সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে 'দেশের মাটি'। শুধু বাংলার নয়, দেশের বাইরের বাঙালিকেও নতুন করে ভাবাবে 'দেশের মাটি'।"
এই ধারাবাহিকের কাহিনি লিখেছেন লীনা গঙ্গোপাধ্যায়। পরিচালনা করছেন শৈবাল ব্যানার্জি। প্রযোজনার দায়িত্বে আছে 'ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স'। সিরিয়ালের এক ঝলক দেখার পরে সকলেই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন এর জন্য।