
ফাইল চিত্র
শেষ আপডেট: 18 December 2024 16:33
দ্য ওয়াল ব্যুরো: হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে আল্লু অর্জুনের ছবি 'পুষ্পা ২: দ্য রুল'-এর প্রদর্শন চলাকালীন ভিড়ের চাপে মৃত্যু হয় এক মহিলার। তবে সেই প্রিমিয়ারে পদপিষ্ট হওয়া আট বছরের শিশু শ্রী তেজা হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। ভেন্টিলেশনে রাখা হয়েছে তেজাকে। মিনিমাল অক্সিজেন এবং প্রেসার সাপোর্ট দেওয়া হচ্ছে। জানা গিয়েছে, ট্রাকিস্টোমি করার কথাও নাকি ভাবছেন চিকিত্সকেরা।
এখানেই শেষ নয়, হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হচ্ছে, সঙ্কটজনক অবস্থায় রয়েছেন তেজা। মঙ্গলবার শিশুকে দেখতে হাসপাতালে যান হায়দরাবাদ সিটির পুলিশ কমিশনর সি.ভি. আনন্দ। সঙ্গে গিয়েছিলেন তেলঙ্গনা সরকারের স্বাস্থ্যসচিব ডা.ক্রিস্টিনা। তেজার এমন ঘটনা শুনে শোকপ্রকাশ করেন অভিনেতা।
তিনি একটি পোস্টে লেখেন, 'সন্ধ্যা থিয়েটারের মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল। আমি তাদের আশ্বস্ত করতে চাই যে, তারা এই সময় একা নন। আমি ব্যক্তিগতভাবে পরিবারের সঙ্গে দেখা করব।'
এদিকে স্বাস্থ্যসচিব জানান, শ্রী তেজাকে যখন উদ্ধার করা হয়েছিল তখনই তার অবস্থা খুব খারাপ ছিল। দমবন্ধ হয়ে পদপিষ্ট হয়ে গিয়েছিল তেজা। ব্রেন ডেথ হয়েছিল বলে জানান তিনি। এই মুহূর্তে তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিত্সকেরা। হাসপাতাল সূত্রে খবর, তার চিকিৎসা চলছে ইনটেনসিভ কেয়ারে। এখন জ্বর অনেকটাই কমেছে।
View this post on Instagram
এর জন্য অভিনেতাকেই দোষারোপ করেছে পুলিশ। তাঁদের দাবি, থিয়েটারে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকলেও আল্লু অর্জুনের আচরণের কারণেই এই দুর্ঘটনা ঘটে। তার দলকে জনসমাগমের বিষয়ে সতর্ক করা হলেও তাঁরা সঠিকভাবে কাজ করেনি এবং অভিনেতা দুই ঘণ্টারও বেশি সময় থিয়েটারের ভেতরে ছিলেন। এই ঘটনাটি আল্লু অর্জুনের ভক্তদের মধ্যে শোকের ছায়া ফেলেছে এবং পরিবারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন অভিনেতা।