
সংগৃহীত ছবি
শেষ আপডেট: 23 January 2025 15:16
দ্য ওয়াল ব্যুরো: ১৬ জানুয়ারি রাতে হামলা হয় সইফ আলি খানের বাসভবনে। ছুরি নিয়ে আক্রমণ চালানো হয় অভিনেতার ওপর। যে ছুরি দিয়ে আঘাত করা হয়, তার একটা অংশ সইফের শরীরের ভিতরেই আটকেছিল। এবার বাকি অংশের খোঁজ মিলল বান্দ্রার কাছের একটি নালা থেকে। অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নিমাণের সময় উদ্ধার হয় ছুরির ওই অংশটি।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মহম্মদ শরিফুলকে বুধবার ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় এবং সেখানে এক ঘণ্টারও বেশি সময় ধরে তদন্ত করা হয়। শরিফুল, যিনি এক বছর আগে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন এবং 'বিজয় দাস' নামে ভারতের বিশেষ করে মুম্বইয়ের বিভিন্ন জায়গায় কাজ করেন, সইফের ওপর হামলা চালানোর পর লুকিয়ে থাকার জন্য চেহারাতেও পরিবর্তন আনেন। কাটেন চুল।
এছাড়াও, পুলিশ সইফ আলি খানের বাসভবনে অভিযুক্তের আঙুলের ছাপও পেয়েছে। ঘটনার তদন্ত প্রক্রিয়া এগোতে পুলিশের তরফে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (FSL)-র সাহায্য নেওয়া হচ্ছে, অভিযুক্ত শরিফুলের মোবাইল ফোন, পোশাক এবং সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হবে বলে জানা গেছে।
পুলিশ জানতে পেরেছে, সইফ তাঁর ছোট ছেলে জেহকে রক্ষা করতে গিয়ে এই হামলার শিকার হন। হামলাকারী অভিনেতার কাছে এক কোটি টাকা দাবি করেছিলেন। দিতে রাজি না হওয়ায় ও আক্রমণের পাল্টা আক্রমণ করায় সইফের ওপর হামলা হয়। তদন্তের স্বার্থে জেহ, তৈমুর ও তাঁদের ন্যানির বয়ানও বৃহস্পতিবার রেকর্ড করেছে পুলিশ।