
শেষ আপডেট: 12 October 2022 11:04
দ্য ওয়াল ব্যুরো: এবছর আরও একবার অনুষ্ঠিত হতে চলেছে 'কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব' (Kolkata International Film Festival)। মাত্র আটমাসের ব্যবধানে ফের ফিল্ম ফেস্টিভ্যালের (Kolkata) আয়োজন করছে রাজ্য সরকার। আগামী ১৫ ডিসেম্বর (15th December) থেকে শুরু হবে ২৮তম চলচ্চিত্র উত্সব। যা চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। প্রতিবছরের মতো এবারও উত্সবের সূচনা হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। তবে অতিথি হিসাবে কারা থাকবেন কিংবা কোন কোন সিনেমা জায়গা পাবে এই উৎসবে, তা এখনও চূড়ান্ত হয়নি বলেই তথ্য ও সংস্কৃতি দফতর সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, গতবছর ডিসেম্বরে করোনা পরিস্থিতির জন্য চলচ্চিত্র উৎসবের আয়োজন করা যায়নি। যা শেষ অবধি পিছিয়ে এপ্রিলে আয়োজিত হয়। তবে তখনও রাজ্যের করোনা ভাইরাসের প্রকোপ থাকায় উৎসবের ছন্দপতন ঘটে। মাত্র ৫০ শতাংশ দর্শক নিয়ে আয়োজিত হয় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তবে এরপর থেকেই করোনা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। তাই ডিসেম্বরে ২৮তম ফিল্ম ফেস্টিভ্যাল যে ফের চেনা রূপেই ফিরতে চলেছে, তা জলের মতো পরিষ্কার।
জানা গিয়েছে, ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে থাকছে পাঁচটি ক্যাটাগরি। তালিকায় রাখা হয়েছে আন্তর্জাতিক চলমান ইমেজের উদ্ভাবন, ভারতীয় ভাষার ছবি, নেটওয়ার্ক ফর দ্য প্রোমোশন অফ এশিয়ান সিনেমা (NETPAC) পুরস্কার, তথ্যচিত্র বিভাগ, শর্ট ফিকশন বিভাগ। এই বিভাগগুলিতে সকল নির্বাচিত ছবিকে পুরস্কার দেওয়া হবে। এছাড়াও পুরস্কার নেই এমন বিভাগেও দেখানো হবে বিভিন্ন ভাষার একাধিক ছবি। এর মধ্যে রয়েছে কালজয়ী আন্তর্জাতিক এবং বাংলা প্যানোরমা সিনেমাও। সূত্রের খবর, আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে ছবি জমা নেওয়া চলবে।
উল্লেখ্য, টানা তিন বছর ধরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সনের দায়িত্ব সামলাচ্ছেন টলিউডের বিখ্যাত পরিচালক তথা তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী। যদিও গতবার তিনি এই দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত রদবদল ঘটেনি। এই পদে বহাল ছিলেন রাজই। এবছরও তিনি দায়িত্বে থাকবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়।
ফালকে পেলেন আশা, পার্টিতে মাতলেন প্রাণের বান্ধবী ওয়াহিদা-হেলেন! কে বেশি যোগ্য, মাথাব্যথা ভক্তদের