কপিলের গিন্নি হচ্ছেন 'গিন্নি', বিয়ে ডিসেম্বরে
দ্য ওয়াল ব্যুরো: বি-টাউনে এখন বিয়ের ফুল ফুটেছে। দীপিকা-রণবীরের ঝাঁ চকচকে 'ডেস্টিনেশন ওয়েডিং'-এর পর এ বার প্রিয়ঙ্কা-নিক গ্র্যান্ড ওয়েডিং। তারকাদের সাত পাকে বাঁধা পড়ার সেশন চলছে যেন। তা কমেডিয়ান ও অভিনেতা কপিল শর্মাই বা বাদ যাবেন কেন। বান্ধ
শেষ আপডেট: 26 November 2018 18:30
দ্য ওয়াল ব্যুরো: বি-টাউনে এখন বিয়ের ফুল ফুটেছে। দীপিকা-রণবীরের ঝাঁ চকচকে 'ডেস্টিনেশন ওয়েডিং'-এর পর এ বার প্রিয়ঙ্কা-নিক গ্র্যান্ড ওয়েডিং। তারকাদের সাত পাকে বাঁধা পড়ার সেশন চলছে যেন। তা কমেডিয়ান ও অভিনেতা কপিল শর্মাই বা বাদ যাবেন কেন। বান্ধবী গিন্নি ছত্রের সঙ্গে জমাটি প্রেমের পর এ বার ছাদনাতলায় যেতে চলেছেন কপিল। দিন ঘোষণা তো আগেই করেছেন, এ বার বিয়ের কার্ডের ছবি পোস্ট করে ভক্তদের থেকে আশীর্বাদ ও শুভকামনা চাইলেন কপিল।
নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে বিয়ের কার্ডের ছবি পোস্ট করে কপিল লিখেছেন, "হৃদয়ের অনাবিল আনন্দ ও গুরুজনদের প্রতি শ্রদ্ধা নিয়ে জানাচ্ছি আমি আর গিন্নি আমাদের জীবনের নতুন পথের শরিক হতে চলেছি, ভালোবাসা, সম্মান ও একসঙ্গে থাকার শপথ নেব আগামী ১২ ডিসেম্বর।" এই জার্নি অব লাভে শুভকামনা জানাতে আত্মীয়, বন্ধু ও নিজের ভক্তদের আমন্ত্রণও জানিয়েছেন তিনি।
https://www.instagram.com/p/Bqrk-LMhi4N/?utm_source=ig_web_copy_link
দীর্ঘদিনের বান্ধবী গিন্নি ছত্রের সঙ্গে সম্পর্কের কথা ২০১৭ সালেই প্রকাশ্যে এনেছিলেন কপিল। নিজেদের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন একাধিক বার। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কপিল বলেছিলেন, ‘‘গিন্নির সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে খুবই আনন্দের। এই বিয়ে আমার জীবনে অনেক পরিবর্তন আনবে। গিন্নি খুব কেয়ারিং, আমার ভীষণ খেয়াল রাখে। ও আমার জীবনের বড় ভরসা।’’
কপিলের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গেছে, আগামী ১২ ডিসেম্বর বিয়ের আসর বসবে পঞ্জাবের জলন্ধরে, গিন্নির বাড়িতেই। ১৪ ডিসেম্বর অমৃতসরে হবে রিসেপশনের অনুষ্ঠান। বলিউডের সহকর্মী ও বন্ধুদের জন্য স্পেশাল রিসেপশন পার্টির আয়োজন মুম্বইয়ে। ২৪ ডিসেম্বর সেই অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। 'ফ্যামিলি টাইম উইথ কপিল শর্মা'র পর ডিসেম্বরেই নতুন শো নিয়ে আসছেন কপিল। শোনা যাচ্ছে, মুম্বই রিসেপশনের আগেই হতে পারে সেই শো-এর প্রিমিয়ার। নতুন শো-এর রিলিজ নিয়ে খুবই উচ্ছ্বসিত কপিল, তবে তার আগে বিয়েটা মন দিয়ে সেরে ফেলতে চান তিনি।