দ্য ওয়াল ব্যুরো: গত বুধবার পরিচালক সৃজিত মুখোপাধ্যায় একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় তাঁর সমস্ত নিজস্ব অ্যাকাউন্টে শেয়ার করেন। পরিচালক হিসেবে দশ বছর পূর্তির খবর ও তাঁর সাফল্যের সংবাদ সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি। সারাদিন ধরেই বহু মানুষের শুভেচ্ছা বার্তায় ভরে গেছে সোশ্যাল মিডিয়া। সৃজিতের প্রশংসায় পঞ্চমুখ অনেকেই।
এরই মাঝে ফ্লোরিডা অ্যাটল্যান্টিক ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সুমন ঘোষ, সেই পোস্টটি রি-টুইট করে শুভেচ্ছাবার্তা জানানোর পাশাপাশি সৃজিতের 'রুচি' নিয়ে প্রশ্ন তুলেছেন। সেই থেকে শুরু হয় সৃজিত-সুমনের বাক-যুদ্ধ।
সৃজিত মুখোপাধ্যায় পোস্টের সঙ্গে লেখেন, "১০ বছর। ১৮টি ছবি। ২টি ওয়েব ফিল্ম। ১টি ওয়েব সিরিজ। ১৭টা রিলিজ। ১৪টা সুপারহিট। ১৭৭টি অ্যাওয়ার্ড। ৫৯টি ফিল্ম ফেস্টিভ্যাল।"
এটিই রি-টুইট করে পরিচালক সুমন ঘোষ লেখেন, "বাংলা চলচ্চিত্রে তোমার অনেক অবদান। তার জন্য তোমাকে অনেক শুভেচ্ছা। কিন্তু সাফল্যেকে স্কোরকার্ডের মাধ্যমে প্রচার করতে দেখে আমার খুব খারাপ লাগলো। এই পেশায় যুক্ত আছেন যারা তাদের মধ্যে কাউকেই এমনটা করতে আগে দেখিনি। আমার তোমার প্রতি কোন বিদ্বেষ নেই। সবটাই বোধহয় রুচির উপর নির্ভরশীল"
https://twitter.com/SumanGhosh1530/status/1316376251012009984
সুমন ঘোষের কথা থেকে বোঝা যাচ্ছে তিনি সাফল্যকে এইভাবে ছবির অ্যাওয়ার্ড বা সুপারহিট ছবি দিয়ে বিচার করতে নারাজ। সুমনের টুইটে জবাব দিয়ে সৃজিত লেখেন, "একজন অর্থনীতিবিদদের থেকে এমন কথা শুনে অবাক হচ্ছি। যে মানুষ অন্যের বক্স অফিস ফিগার জানতে বা সাফল্যকে সেই নিরিখে বিচার করতে কুণ্ঠা বোধ করেন না, তিনি এমন কথা বললে অবাক লাগে। সত্যি এটা রুচির প্রশ্ন। সেটা সবার এক নয়।"
সুমন জানান কোন বিদ্বেষ বা হিংসা থেকে একথা বলেননি। যিনি সফল, তাঁর সাফল্যের কথা মানুষের মুখে মুখে ঘুরবে। তাঁকে মনে করিয়ে দিতে হবে না। তিনি আরও যুক্তি দিয়ে বলেন, সচিন দেশের জন্য কটা সেঞ্চুরি করেছে সেটা সে বারবার মনে করায় না। তাঁর ফ্যানেরা এমনিই মনে রাখে। সৃজিত আবার সেই কথার পরিপ্রেক্ষিতে বলেন, "আপনার এই উপলব্ধি নিশ্চয়ই কোন হিংসা বা নিরাপত্তাহীনতা থেকে আসেনি। কেনই বা আসবে?"
সুমন, সৃজিত দুজনেই সফল পরিচালক। তাঁদের ফ্যান ফলোয়ারের সংখ্যাও প্রচুর। কিন্তু সর্বসমক্ষে এই ঝগড়া ফ্যানেদের মনের মধ্যে কিছুটা হলেও প্রভাব ফেলেছে তা বলাই বাহুল্য। এখন দেখার এই ঝগড়ার রেশ কাটলেও, ভবিষ্যতে দু'জনের মধ্যে এর প্রভাব পড়ে কি না।