দ্য ওয়াল ব্যুরো: লাল টি-শার্ট, কালো প্যান্ট। সোফায় বেশ বৈঠকে ঢঙেই বসে গিটারের বোলে ঝড় তুলছেন জিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর গলায় বেশ খুলছে দশ বছর আগের সেই হিট গান ‘মন মানে না’। মগ্ন হয়ে শুনছেন শ্রোতারা। ‘মন মানে না’ পার্ট টু আসছে তাহলে?
সিনেমার নাম ‘মন মানে না’। সুজিত গুহ পরিচালনায় ২০০৮ সালের এই ছবিতে হিট লিস্টে উঠেছিল দেব-কোয়েল জুটির সেই বিখ্যাত গান ‘মন মানে না’। নেপথ্যে অবশ্যই জিৎ গঙ্গোপাধ্যায়। জুবিন গর্গ ও জুন বন্দ্যোপাধ্যায়ের গলায় গানটির ইউ টিউব হিট অনেক। নিজের অফিসিয়াল টুইটার পেজে সোমবার একটি ভিডিও শেয়ার করেছেন দেব। সেখানেই গিটার বাজিয়ে জিতকে এই গান গাইতে দেখা গেছে। স্বভাবতই দশ বছর বাদে ফের জিতের গলায় ‘মন মানে না’ শুনে কৌতুহল বেড়েছে নেটিজেনদের। উড়ে এসেছে একের পর এক প্রশ্ন।
https://twitter.com/idevadhikari/status/1064442495118000128
তবে, এখনই সব কৌতুহল মেটাতে রাজি নন জিৎ। ভিউয়ারদের আরও একটু উস্কে দিয়ে শুধু বলেছেন, ‘মন মানে না’ ছবি বা গান, কোনওটিরই পার্ট টু নয়। কিন্তু চমক একটা থাকছেই। সেটা কী, ভেঙে বলতে রাজি হননি সঙ্গীত পরিচালক।
নতুন ছবির কাজ শুরু করেছেন পরিচালক রাজ চন্দ। এর আগে দেবের সঙ্গে পরিচালকের সব ক’টা ছবিই ছিল রিমেক। তাই এ বার মৌলিক গল্প নিয়েই কাজ করতে চলেছেন রাজা। দেব-রুক্ষ্মিণী জুটিকে নিয়ে মিষ্টি প্রেমের গল্প। জিতের চমক এই সিনেমাতেই দেখা যাবে কি না সেটা জানা যায়নি, তবে বৈঠকী আড্ডায় নজর কেড়েছেন রাজ, রুক্ষ্মিণী। নেটিজেনরা তাই এখন থেকেই দু’য়ে দু’য়ে চার করছেন।