
ফাইল চিত্র
শেষ আপডেট: 1 November 2024 13:12
দ্য ওয়াল ব্যুরো: বিখ্যাত গায়ক এপি ধিলঁর কানাডার বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় একজনকে গ্রেফতার করল পুলিশ। আরেকজনের খোঁজে তল্লাশি চলছে। এদিকে কল অফ ডিউটির আদলে ওই গুলি চলার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সেপ্টেম্বরে ২ তারিখ সন্ধে নাগাদ বিখ্যাত পাঞ্জাবি গায়ক এপি ধিলঁর কানাডার বাড়ির সামনে গুলি চলে। দায় স্বীকার করে বিষ্ণোই গ্যাং। জানা যায়, এপি ধিলঁর 'ওল্ড মানি' বলে একটি গানে সলমনকে ফিচার করায় হুমকি হিসেবে এপি ধিলঁর বাড়ির সামনে গুলি চলে।
তদন্তে নেমে কানাডা পুলিশ অভিযুক্তদের শনাক্ত করে। তাদের মধ্যে উইনিপেগ এলাকার অবজিৎ কিংঙ্গরা (২৫) নামের এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। বিক্রম শর্মা নামে ২৩ বছর বয়সী অপর যুবকের খোঁজে তল্লাশি চলছে। ওয়ারেন্ট জারি করেছে পুলিশ।
ওই গুলি চলার ঘটনায় গায়কের কোনও ক্ষতি না হলেও সক্রিয় হয় পুলিশ। বাড়ানো হয় গায়কের নিরাপত্তা।
এই ঘটনায় একটি ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি। যা দেখে পুলিশের অনুমান, কল অফ ডিউটি নামের গেমের আদলেই করা হয়েছে। ওই ঘটনায় দুটি গাড়িও জ্বালিয়ে দেওয়া হয়।