পাঁচ হাজার মানুষকে 'অন্ন সেবা' করিয়ে প্রি-ওয়েডিংয়ে মাতলেন ঈশা-আনন্দ
দ্য ওয়াল ব্যুরো: প্রিয়ঙ্কা-নিক গ্র্যান্ড ওয়েডিং পর্ব মিটতেই উদয়পুরে ফের সাজো সাজো রব। এ বারের জুটি আরও এক হাই প্রোফাইল কাপল। মুকেশ কন্যা ঈশা গাঁটছড়া বাঁধতে চলেছেন বাল্যবন্ধু আনন্দ পিরামলের সঙ্গে। বিয়ের প্রস্তুতি তুঙ্গে। আগামী ১২ ডিসেম্বর চ
শেষ আপডেট: 6 December 2018 18:30
দ্য ওয়াল ব্যুরো: প্রিয়ঙ্কা-নিক গ্র্যান্ড ওয়েডিং পর্ব মিটতেই উদয়পুরে ফের সাজো সাজো রব। এ বারের জুটি আরও এক হাই প্রোফাইল কাপল। মুকেশ কন্যা ঈশা গাঁটছড়া বাঁধতে চলেছেন বাল্যবন্ধু আনন্দ পিরামলের সঙ্গে। বিয়ের প্রস্তুতি তুঙ্গে। আগামী ১২ ডিসেম্বর চার হাত এক হওয়ার আগে ৭-১০ ডিসেম্বরের মাঝে চলবে প্রি-ওয়েডিং, মেহেন্দি, সঙ্গীত। ঠাসা অনুষ্ঠান। অতিথি আপ্যায়ণের আয়োজনও বিরাট। শুধুমাত্র অতিথিদের উদয়পুর বিমানবন্দর থেকে নিয়ে আসার জন্য এবং শহর দেখানোর জন্য অম্বানীরা হাজারেরও বেশি বিলাসবহুল গাড়ির ব্যবস্থা করেছেন। জাগুয়ার, মার্সিডিজ, পোর্সে, বিএমডব্লিউ সবই রয়েছে এই তালিকায়।
শনিবার থেকেই শুরু হয়ে গেছে প্রি-ওয়েডিং পর্ব। উদয়পুরের প্রায় প্রতিটি পাঁচতারা হোটেলই বুক করে ফেলেছেন অম্বানী ও পিরামলরা। উড়িয়ে আনা হয়েছে প্রায় ৮০ জন আলোকচিত্রীকে। মুকেশ কন্যার বিয়ে উপলক্ষে রীতিমতো উৎসব শুরু হয়ে গেছে উদয়পুরে। শনিবারের পর্ব শুরু হয়েছে 'অন্ন সেবা' দিয়ে। দুঃস্থ, প্রতিবন্ধী মানুষজনকে নিয়ে বিরাট ভোজের আয়োজন করেছিলেন অম্বানী ও পিরামলরা। হাজির ছিলেন পাঁচ হাজারের বেশি মানুষ। অতিথিদের পাতে নিজের হাতে খাবার তুলে দিতে দেখা যায় ঈশাকে।

স্থানীয় শিল্পীদের নিয়ে অনুষ্ঠানের পাশাপাশি প্রি-ওয়েডিংয়ের আরও একটা চমক ছিল হস্তশিল্পের মেলা। 'স্বদেশ বাজার' নামে এই মেলায় নজর কাড়ে দেশের নানা প্রান্তের ১০৮ রকম শিল্পকর্ম। আগামী ৮-১০ ডিসেম্বর মেহেন্দি ও সঙ্গীত। তার আয়োজনও বিরাট। ইতিমধ্যেই বলি তারকারা ভিড় জমাতে শুরু করেছেন উদয়পুরে। শনিবার উদয়পুর পৌঁছেছেন সস্ত্রীক অনিল কপূর, ডেভিড ধাওয়ান মণীশ মলহোত্র।

অম্বানী কন্যার বিয়ে বলে কথা, দেশ-বিদেশের অতিথির সংখ্যা তো নেহাত কম নয়। উদয়পুর বিমানবন্দরে অনবরত ওঠানামা করছে একশোরও বেশি চাটার্ড ফ্লাইট, উদয়ভিলার ঘাটে প্রায় ১০০০ জন অতিথিকে অ্যাপায়ন করার তোড়জোড় শুরু হয়ে গেছে। উদয়পুর, ওবেরয় উদয় ভিলা এবং সিটি প্যালেস সেজে উঠেছে রাজকীয় সাজসজ্জায়।
আগামী সপ্তাহে মুম্বইয়ে বিয়ের অনুষ্ঠানে মার্কিন পপ স্টার বেয়ন্সের পারফর্ম করার কথা। সেই সঙ্গে আসর মাতাবেন বলি তারকারাও।