.jpg)
কী বলছেন রণবীর?
শেষ আপডেট: 16 February 2025 16:28
দ্য ওয়াল ব্যুরো: সময়টা একেবারেই ভাল যাচ্ছে না ইউটিউবার-কমেডিয়ান রণবীর আল্লাবাদিয়ার। সম্প্রতি তাঁর করা এক মন্তব্য নিয়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। তাঁর বিরুদ্ধে একাধিক এফআইআরও দায়ের হয়েছে। তবে এবার নতুন সমস্যা। এক বিবৃতিতে নিজেই সে কথা জানিয়েছেন রণবীর।
রণবীরের মা পেশায় চিকিৎসক। তিনি জানান, সম্প্রতি বেশ কিছু ব্যক্তি রুগী পরিচয় দিয়ে তাঁর মায়ের চিকিৎসালয়ে ঢুকে পড়ে। আর সেখানেই চলতে থাকে লাগাতার হুমকি। তিনি এও জানান, গোটা ঘটনায় ভয়ে আছেন তিনি।
রণবীরের কথা, 'লাগাতার খুনের হুমকি আসছে। আমাকে অনেকেই মেরে ফেলতে চাইছেন। আমার পরিবারেরও ক্ষতি হওয়ার সমূহ সম্ভাবনা। মায়ের ক্লিনিকে কেউ কেউ রোগী সেজে ঢুকে পড়ছে। কী করা উচিৎ, কিছুই যেন বুঝতে পারছি না। আমি খুব ভয়ে আছি।" তিনি এও জানান, পুলিশি তদন্তে পূর্ণ সহযোগিতা করছেন। চেয়েছেন ক্ষমাও। তবু প্রাণ হারানোর ভয়ে কাঁপছেন রণবীর।
কী বলেছিলেন রণবীর যা নিয়ে চারিদিকে এত বিতর্ক?সম্প্রতি ইন্ডিয়াস গট লেটেন্ট নামের একটি রোস্ট শো-তে উপস্থিত ছিলেন রণবীর। সেখানে আকাশ চঞ্চলানি, সময় রায়নারা উপস্থিত ছিলেন। এক মহিলাকে তিনি সরাসরি প্রশ্ন করে বাবা-মায়ের শারীরিক সম্পর্ক নিয়ে। তিনি বলেন, 'তুমি কি প্রতিদিন তোমার বাবা-মায়ের যৌন সম্পর্ক দেখতে চাও, নাকি একবার তাঁদের সঙ্গে যুক্ত হয়ে তা চিরতরে বন্ধ করে দিতে চাও?' গোটা এপিসোডের মধ্যে এই অংশটুকু ভাইরাল হয়। রণবীরের রুচি নিয়ে প্রশ্ন তুলতে থাকেন মানুষজন। সময় রায়না নিজে ওই প্রশ্নের পরই বলে ফেলেন, এগুলো সব পডকাস্টের রিজেক্ট হওয়া প্রশ্ন। সেই মুহূর্তে হাসির রোল উঠলেও তার খেসারত দিতে হচ্ছে রণবীর, সময়সহ ওই শোয়ে উপস্থিত অন্য ইউটিউবারদেরও।