
রইল একগুচ্ছ ছবি
শেষ আপডেট: 28 December 2024 18:18
দ্য ওয়াল ব্যুরো: আগামী মাসেই বিয়ে করতে চলছেন শ্বেতা ভট্টাচার্য। পাত্র রুবেল দাসের সঙ্গে বহুদিনের চেনাশোনা তাঁর। এবার শ্বেতা অভিনীত ধারাবাহিক 'কোন গোপনে মন ভেসেছে'র সেটেই ঘটে গেল এক অভাবনীয় ঘটনা। ধারাবাহিকের সেটে আইবুড়োভাত খাওয়ানোর রেওয়াজ নতুন নয়। সহকর্মীরাই করে থাকেন আয়োজন। কিন্তু তাই বলে অচেনা-অজানা, রক্তের সম্পর্কহীন কিছু মানুষ শুধুমাত্র ভালবাসার তাগিদে হাজির হলেন শ্বেতাকে আইবুড়োভাত খাওয়ানোর জন্য।
তাঁদের পোশাকি নাম 'ভক্ত'। যদিও শ্বেতার কাছে তাঁরা ভক্তের চেয়েও অনেক বেশি। ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’-এর সেটে এসে ধুমধাম করে তাঁরাই শ্বেতাকে খাইয়ে গেলেন আইবুড়োভাত। আয়োজন ছিল বিস্তর। পঞ্চপ্রদীপ জ্বালিয়ে, বাটির ভর্তি রকমারি খাবার সাজিয়ে তা এক এলাহি আয়োজন। পাঁচ রকম ভাজা থেকে শুরু করে মাছ, মাংস, নানা ধরনের মিষ্টি বাদ ছিল না কিছুই।
View this post on Instagram
শুধু কি তাই? উপহারও মিলেছে বিস্তর। শাড়ি তো বটেই। সোনায় মোড়া শাঁখা-পলাও উপহার হিসেবে পেয়েছেন তিনি। শ্বেতার কথায়, "একজন অচেনা মানুষ শুধুমাত্র আমার কাজ ভালবেসে, আমাকে মন থেকে বোন মেনে সব কিছু আয়োজন করে শুটিং ফ্লোরে এসে আমাকে খাইয়ে গিয়েছেন। অনেক ধন্যবাদ দিদি। আপনি খুব খুব ভাল থাকুন। আর এইভাবেই আশীর্বাদ করুন।"
নাচের মাধ্যমেই আলাপ রুবেল ও শ্বেতার। একসঙ্গে ধারাবাহিকে অভিনয় করতে গিয়েই প্রেমে পড়েন দু'জনে। বছর দুয়েক আগেই সামাজিক মাধ্যমে এক পোস্টের মধ্যে দিয়ে সম্পর্কে শিলমোহর দেন তাঁরা। অবশেষে সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার পালা। তাঁদের বিবাহিত জীবনের জন্য আগাম শুভেচ্ছার ঢল নেমেছে সোশ্যাল মিডিয়ায়।