৩২ হাজার স্কোয়ার ফিটের নতুন ভবনের সঙ্গে উচ্চ মাধ্যমিক বিভাগ এখন তৈরি আরও অনেক পড়ুয়ার ভবিষ্যৎ গড়ে তোলার উদ্দেশ্যে, নতুন চ্যালেঞ্জ নিয়ে এগোনোর জন্য।

শেষ আপডেট: 15 December 2025 00:05
দ্য ওয়াল ব্যুরো: শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা এবং স্বামী বিবেকানন্দের আদর্শ নিয়ে পথচলা শ্রীরামকৃষ্ণ আশ্রম ইনস্টিটিউট (হাইস্কুল)-এ শুরু হল উচ্চমাধ্যমিক বিভাগ। এই মুহূর্তে সেই স্কুলে রয়েছে ৮০০ জন ছাত্রছাত্রী। বারুইপুরের এই স্কুলটিতে সম্প্রতি সরকারি অনুমোদন পেয়েছে উচ্চ মাধ্যমিক বিভাগের। ৩২ হাজার স্কোয়ার ফিটের নতুন ভবনের সঙ্গে উচ্চ মাধ্যমিক বিভাগ এখন তৈরি আরও অনেক পড়ুয়ার ভবিষ্যৎ গড়ে তোলার উদ্দেশ্যে, নতুন চ্যালেঞ্জ নিয়ে এগোনোর জন্য।
স্কুলের নতুন ভবন উদ্বোধন এবং উচ্চ মাধ্যমিক বিভাগের সরকারি অনুমোদন পাওয়ার উদযাপনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। স্কুলের নতুন এই যাত্রার শুভ সূচনা করেন তিনি। ফিতে কেটে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নতুন ভবনে পা রাখেন তিনি।
বক্তৃতায় স্পিকার বলেন, ''শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের নামে এই প্রতিষ্ঠান। পশ্চিমবঙ্গ বিধানসভাতে শ্রীরামকৃষ্ণের নামে একটি বিশ্ববিদ্যালয় তৈরির জন্য বিল পাস হয়েছে।'
শ্রীরামকৃষ্ণ আশ্রম ইনস্টিটিউট (হাইস্কুল)-এর প্রতিষ্ঠাতা বাঁশরিমোহন হালদার উপস্থিত ছিলেন এই উদযাপনে। তাঁর কথায়, ''আজ থেকে ৫৮ বছর আগে এই বিদ্যালয়ের বীজ বপন করা হয়েছিল। অনেক দারিদ্র, প্রতিকূলতা, চড়াই উতরাই পেরিয়ে এই বিদ্যালয় উচ্চ মাধ্যমিক বিভাগের জন্য সরকারি অনুমোদন পেয়েছে। আজ তারই উদযাপনের অনুষ্ঠান। এই প্রতিষ্ঠানের নেপথ্যে যাঁরা রয়েছেন, তাঁদের প্রচেষ্টা আরও উন্নত হোক। এই হাইস্কুলের প্রধান শিক্ষিকা সম্পূর্ণা বিশ্বাস, আমার কন্যা। সে যেন এই প্রতিষ্ঠানকে আরও বড় করে এগিয়ে নিয়ে যেতে পারে।''
শ্রীরামকৃষ্ণ আশ্রম ইনস্টিটিউট (হাইস্কুল)-এর প্রধান শিক্ষিকা সম্পূর্ণা বিশ্বাসের কথায়, ''আমরা চাই আগামী দিনে আরও পড়ুয়া সংখ্যা বাড়ুক। এই প্রতিষ্ঠান আরও বড় হোক।''