উদ্বাস্তু বাঙালিদের হাতে গড়া এই প্রতিষ্ঠান আজ ন্যাকের (NAAC)-এর ‘A’ গ্রেড প্রাপ্ত কলেজ।

বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী
শেষ আপডেট: 3 November 2025 08:05
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ কলকাতার বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের এ বছর ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। নামজাদা এই শিক্ষা প্রতিষ্ঠানের প্ল্যাটিনাম জুবিলি উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে শুরু হয় অনুষ্ঠান। সন্ধ্যায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ, ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস, যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ, যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দেবব্রত মজুমদার প্রমুখ। তাঁরা কলেজের শ্রীবৃদ্ধি কামনা করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বিশেষ বার্তায় বিজয়গড় জ্যোতিষ রায় কলেজকে ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।
৩১ অক্টোবর শুরু হওয়া তিন দিনের অনুষ্ঠানে কলেজের গৌরবময় ইতিহাস, সমাজসেবা এবং শিক্ষাগত উৎকর্ষকে স্মরণ করা হয়। উদ্বাস্তু বাঙালিদের হাতে গড়া এই প্রতিষ্ঠান আজ ন্যাকের (NAAC)-এর ‘A’ গ্রেড প্রাপ্ত কলেজ।
প্রথম দিন, ৩১ অক্টোবর শুক্রবার সকালে কলেজ অধ্যক্ষা ড. রাজ্যশ্রী নিয়োগী এবং পরিচালন সমিতির সভাপতি শ্রী সন্দীপ নন্দী মজুমদারের বক্তৃতার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এলাকার বাসিন্দাদের জন্য সারা দিনব্যপী বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। বিশেষ আকর্ষণ ছিল স্কুল ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান মডেল প্রতিযোগিতা, কলেজ ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান এবং হস্তশিল্প প্রদর্শনী। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন শিক্ষক, ছাত্র-ছাত্রী, এনএসএস স্বেচ্ছাসেবক ও এনসিসি ক্যাডেটরা। প্রদীপ প্রজ্বলন, কর্মীদের সম্বর্ধনা এবং ড্রামা ক্লাবের নাটক দিয়ে শেষ হয় দিনের অনুষ্ঠান।

কেক কেটে কলেজের জন্মদিন পালনে মন্ত্রী অরূপ বিশ্বাস, সাংসদ সায়নী ঘোষ, বিধায়ক দেবব্রত মজুমদার, কলেজের পরিচালন সমিতির সভাপতি কউন্সিলর সন্দীপ নন্দী মজুমদার এবং অধ্যক্ষা ড. রাজ্যশ্রী নিয়োগী।
দ্বিতীয় দিন, ১ নভেম্বর শনিবার দুপুরে প্রাক্তনী সম্মেলন ও সুরধ্বনি সঙ্গীত ক্লাবের লোকসংগীত-নৃত্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। সন্ধ্যায় প্রখ্যাত লোকসংগীত শিল্পী তীর্থ সুন্দর বিশ্বাস ওরফে ‘সহজ মানুষ’-এর গান মন কাড়ে দর্শকদের। দু'দিন ধরে চলে বইমেলা, যাতে অংশ নেন অনুষ্টুপ, আনন্দ, দে'জ পাবলিশিং, বুক ফার্ম, পুনশ্চ, ব্ল্যাকলেটার্স সহ একাধিক প্রকাশক। রবিবার সাংস্কৃতিক অনুষ্ঠানে গানে মাতান সোমলতা অ্যান্ড দি অ্যাসেস এবং অনুপম রায় ব্যান্ড।
অধ্যক্ষা ড. রাজ্যশ্রী নিয়োগী জানান, ১৯৫০-এর ২ নভেম্বর পূর্ব পাকিস্তান থেকে আগত উদ্বাস্তু বাঙালিদের দ্বারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি ব্যারাকে যাত্রা শুরু করে ছিল এই কলেজ। আজ কলা, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে ১৯টি বিষয়ে পঠন-পাঠন চলে, যার মধ্যে ১৪টি স্নাতক এবং মাইক্রোবায়োলজিতে স্নাতকোত্তর কোর্স রয়েছে। কর্মসংস্থানযোগ্যতা বাড়াতে ৩৬টি দক্ষতা ভিত্তিক কোর্সও চালু আছে।
কলেজ কর্তৃপক্ষের কথায়, ৭৫ তম বর্ষ উদযাপন এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের অতীত গৌরব এবং ভবিষ্যৎ প্রতিশ্রুতিকে একসূত্রে বেঁধেছে।